রাজপথের বিরোধী দল বিএনপিকে আবারও রাস্তায় নামার আহ্বান জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকার ও বিএনপি উভয়েই বর্তমানে করোনায় আক্রান্ত। সরকার করোনায় আক্রান্ত ধর্ষণ আর দুর্নীতিতে। আর বিএনপি করোনায় আক্রান্ত মাজাভাঙা রাজনীতিতে। এই করোনা থেকে সবাইকে বের হয়ে আসতে হবে। বিএনপিকে রাজপথে নামতে হবে। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ধর্ষণের বিরুদ্ধে গণতন্ত্র ফোরামের মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
সংগঠনের সহসভাপতি আলহাজ খলিলুর রহমান ইব্রাহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিএনপি এতোটাই করোনাগ্রস্ত যে তারা রাস্তায় নামতে পারে না। বর্তমানে প্রতিটি ক্ষেত্রেই আমাদের জাতি চরম দুর্দশায় আছে। এ থেকে মুক্তির একটাই পথ আমি দেখি, আমাদের সবাইকে রাস্তায় নামতে হবে। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিত্সা দেওয়ার আহ্বান জানান।
ডা. জাফরুল্লাহ বলেন, দেশে যেভাবে ধর্ষণ আর গণধর্ষণ করছে ছাত্রলীগের ছেলেরা, তাতে এ দেশের মা-বোনেরা আর শান্তিতে থাকতে পারছে না। কোথাও শান্তিতে বের হবে, তারও উপায় নেই। অন্যদিকে দুর্নীতি যেভাবে ছড়িয়েছে তাতেও সাধারণ মানুষের আর বাঁচার উপায় নেই। দেশে সুশাসন থাকলে ছাত্রলীগের নেতাকর্মীরা সারা দেশে এভাবে ধর্ষণ-গণধর্ষণের মহোত্সব চালাতে পারত না।
