যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কে বিশৃঙ্খলা এড়াতে নিয়মে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে এ সংক্রান্ত কমিশন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প নিয়ম পরিবর্তনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তার নির্বাচনি প্রচারণা বিভাগ থেকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। খবর রয়টার্স ও আলজাজিরার
বিতর্কের আয়োজক দ্য কমিশন অব প্রেসিডেন্সিয়াল ডিবেট (সিপিডি) স্থানীয় সময় মঙ্গলবার প্রথম বিতর্কের পর বুধবার জানিয়ে দেয়, বিতর্কে বিশৃঙ্খলা এড়াতে কারো বক্তব্যের মধ্যে বাধা দেওয়া হলে সঙ্গে সঙ্গে তার মাইক বন্ধ করে দেওয়া হবে। মঙ্গলবারের বিশৃঙ্খলার জন্য সঞ্চালক ক্রিস ওয়ালেস প্রেসিডেন্ট ট্রাম্পকে দায়ী করেছেন। কারণ বাইডেনের বক্তব্যের মধ্যে ট্রাম্প ৭৩ বার বাধা দিয়েছিলেন। ট্রাম্পের নির্বাচনি প্রচারণার সিনিয়র উপদেষ্টা জ্যাসন মিলার সাংবাদিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বলেন, আমরা কোনো পরিবর্তন চাই না। তবে ট্রাম্প বর্তমান নিয়মকেই মানেন কি না সেই প্রশ্নের কোনো উত্তর দেননি মিলার।
