প্রথমবার নিজের এলাকায় শুটিং করছি:জ্যোতি

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ১৯:৩৯

 

বিনোদন রিপোর্ট

 

করোনায় দেশের পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাওয়ার পর থেকে একে একে সরব হচ্ছে দেশের বিনোদন মাধ্যমগুলো। রোজার ঈদের পর থেকে নাটকের শুটিং শুরু হলেও সিনেমার শুটিং শুরু হতে একটু সময় নেয় সবাই। তবে এখন নিয়মিত হওয়া শুরু হয়েছে সিনেমা শুটিংও। এরইমধ্যে কয়েকটি সিনেমার শুটিং নতুন করে শুরু হয়েছে। করোনায় আটকে পড়া অনেক সিনেমার কাজও শুরু হয়েছে। বলা যায়, দেশের সিনেমা অঙ্গন ফিরছে তার পরিচিত ঢঙে। তবে নির্দেশ অনুযায়ী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে বলা হচ্ছে। তারকারাও সেই শর্তে শুরু করেছেন কাজ।

২০১৬ সালে নির্মাণ শুরু হয় সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’ শিরোনামে সিনেমার শুটিং। নুরুল আলম আতিক পরিচালিত এই সিনেমাটি বাজেট জটিলতার কারণে এতদিন বন্ধ ছিল। একাধিক তারকা মুখ নিয়ে নির্মিত এই সিনেমাটির কাজ আবারো শুরু হয়েছে। সিনেমাটিতে অভিনয় করছেন জ্যোতিকা জ্যোতি। এতদিন পর আবারো সিনেমাটির শুটিং শুরু হওয়া ও কাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকদিন পর সিনেমাটির শুটিং শুরু করলাম। মুক্তিযুদ্ধ চলাকালীন এক মফস্বলের মানুষদের গল্প নিয়ে আবর্তিত চলচ্চিত্রের কাহিনি। আমি চলচ্চিত্রটির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছি। চরিত্রের নাম দীপালি। অসংখ্য  তারকা কো-আর্টিস্টসহ গল্পে আমার হিরো দীপক সুমন। চলতি মাসের ১ তারিখ থেকে আবার শুরু হয়েছে ময়মনসিংহের গৌরীপুরে। গৌরীপুর আমার নিজের উপজেলা। আমার জন্য মজার ব্যাপার হলো প্রথমবার নিজের এলাকায় শুটিং করছি। আমি আজ (গতকাল) থেকে শুটিং এ অংশ নেবো।’ মুক্তিযুদ্ধের সিনেমায় অভিনয় প্রসঙ্গে জ্যোতি আরো বলেন, ‘গল্প পছন্দের দিক থেকে মুক্তিযুদ্ধের সিনেমায় কাজ করতে আমি সবসময় আগ্রহী। মুক্তিযুদ্ধের সময়ে এমন অনেক ঘটনা আছে যা এখনো আড়ালেই আছে। সিনেমা একটি শক্তিশালী মাধ্যম। এই মাধ্যমের মধ্য দিয়ে গল্পগুলো মানুষের সামনে আসুক তা আমি সবসময় চাই। এছাড়া সিনেমাটির পরিচালক নুরুল আলম আতিক। তাই কাজের প্রশংসা নতুন করে করার কিছু। ভালো কিছুর অপেক্ষায় আছি।’