বড়লেখায় পর্যটকবাহী বাস উল্টে আহত ১৪

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৭:২৯

মৌলভীবাজারের বড়লেখার মাধবকুণ্ড জলপ্রপাতে যাওয়ার পথে পর্যটকবাহী বাস উল্টে কমপক্ষে ১৪ জন পর্যটক আহত হয়েছেন। শনিবার দুপুর ১ টার দিকে কাঁঠালতলী-মাধবকুণ্ড সড়কের গৌরনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় ৬ জনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহতরা হলেন- ছাতক শিমুলতলা প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মুবিন, খালেদা ইয়াছমিন, আজিজুন নাহার, মণ্ডলিভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, খালেদ মিয়া, নাবিহা জামান, প্রদীপ্ত কুমার চক্রবর্তী, হারিছুন নাহার, পারুল সেনাপতি, আনিকা তাহসিন, আব্দুল মমিন, লুৎফুর রহমান, আবু তোরাব, সালেখা আক্তার।

আরো পড়ুন: তিন বছর আগে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন, সেতু হয়নি আজও

থানা পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের ছাতক উপজেলার শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মণ্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বাসযোগে মাধবকুণ্ডে আনন্দ ভ্রমণে যাচ্ছিলেন। বাসটি কাঁঠালতলী-মাধবকুণ্ড সড়কের গৌরনগর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে (সিলেট জ-০৪-০১৬৯) রাস্তার পাশের জমিতে পড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাস্তার মোড়ে টার্নিং নিতে গিয়ে গাড়ি উল্টে জমিতে পড়ে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত ৬ জনকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। চালক পালিয়েছে। মামলা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ইত্তেফাক/বিএএফ