স্পোর্টস রিপোর্টার
স্কিল ক্যাম্পে দুই দিনের প্রথম প্রস্তুতি ম্যাচ গতকাল শেষ হয়েছে। মিরপুর স্টেডিয়ামে গতকাল মধ্যাহ্ন বিরতিতে জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে মিটিংয়ে বসেছিলেন নির্বাচকরা। ঐ মিটিংয়েই তৈরি হয়েছে আসন্ন ত্রিদলীয় ওয়ানডে সিরিজের রূপরেখা। যেটি শুরু হবে আগামী ১১ অক্টোবর। মিরপুরে ফাইনাল হবে ২৩ অক্টোবর। জাতীয় দলের পুলের ক্রিকেটারদের সঙ্গে এইচপির কয়েক জনসহ প্রায় ৫০ জন ক্রিকেটার অংশ নেবেন ওয়ানডে ফরম্যাটের এই সিরিজে।
বিসিবি সূত্রে জানা গেছে, এই সিরিজে খেলবেন না মাশরাফি বিন মুর্তজা। গত ১৬ মার্চের পর থেকে ক্রিকেটের বাইরে রয়েছেন ডানহাতি এই পেসার। তবে নভেম্বরে করপোরেট লিগে খেলতে পারেন মাশরাফি।
নেতৃত্ব ছাড়লেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি সাবেক এই অধিনায়ক। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে খেলছেন শুধু ওয়ানডে ফরম্যাটে। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের পর গত ১৬ মার্চ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছিলেন মাশরাফি। প্রতিযোগিতামূলক ক্রিকেটে এটিই তার সর্বশেষ ম্যাচ। তারপর থেকে ক্রিকেটের বাইরে আছেন তিনি। এমনকি করোনাকালে ক্রিকেটারদের সঙ্গে অনুশীলনেও নেই তিনি। স্বাভাবিকভাবেই এখন ম্যাচ খেলতে প্রস্তুত নন অভিজ্ঞ এই পেসার।
তবে বিসিবি সূত্রে জানা গেছে, সম্প্রতি নির্বাচকরা যোগাযোগ করেছিলেন মাশরাফির সঙ্গে। যদিও গতকাল জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর দাবি করেছেন, কুশলাদি বিনিময় করতেই মাশরাফির সঙ্গে কথা বলেছিলেন।
সূত্র জানায়, এখানে অনেকে অনুশীলন করছে নিয়মিত। টানা দুই মাস প্রায়। মাশরাফি তো অনুশীলনে নেই। খেলবে কেমনে? ওর খেলা হবে না এখানে। করপোরেট লিগে খেলতে পারে। ওটা সবার জন্য উন্মুক্ত।
ত্রিদলীয় সিরিজ সম্পর্কে গতকাল প্রধান নির্বাচক বলেছেন, ‘সিরিজ শুরু হবে ১১ অক্টোবর। ফাইনাল হবে ২৩ অক্টোবর।’ লিগ পর্বে প্রতিটি দল পরস্পরের বিরুদ্ধে দুই বার মাঠে নামবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১১, ১৩, ১৫, ১৭, ১৯, ২১ অক্টোবর।
