টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন শিলমুন পশ্চিম পাড়া গাউছিয়া রোড এলাকায় বিএনপি নেতা কর্তৃক জোরপূর্বক বেআইনিভাবে ৪৭ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ নেত্রীর বাড়ি দখলের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। মহিলা আওয়ামী লীগ নেত্রী লাভলী বেগম জানান, ‘আমার স্বামী হোসেন আলী গংদের পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন যাবত্ শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। গত কয়েক দিন ধরে স্থানীয় বিএনপি এবং জামায়াতের তালিকাভুক্ত কয়েক জন মফিজ উদ্দিনের পক্ষে আমার বসতবাড়ি দখলের চেষ্টা চালাচ্ছেন। বাড়িটি দখলে নিতে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি নেতা ইমান আলী, করিম ও স্বেচ্ছাসেবক দল নেতা আফাজ উদ্দিনসহ জামায়াতের এক শীর্ষ নেতা।
ভুক্তভোগী অভিযোগ করে বলেন, ‘এ ঘটনায় জমির কাগজপত্র যাচাইয়ের জন্য ভূমি অফিস, টঙ্গী জোন ভূমি সহকারী কর্মকর্তা বরাবর অভিযোগপত্র দাখিল করা হয়েছে। যা নিষ্পত্তির জন্য অপেক্ষমাণ। গতকাল দুপুরে বিএনপি নেতারা বাড়িটি দখল করার চেষ্টাকালে মহিলা নেত্রী লাভলী বেগম তার পরিবার নিয়ে তাদের বাধা দেয়। এসময় উভয় পক্ষে উত্তেজনা বিরাজ করে। পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে মফিজ উদ্দিনের বক্তব্য চাইলে তিনি সাংবাদিকদের ওপর চড়াও হন। র্যাব অফিস, ভূমি অফিস এবং থানায় গিয়ে জানার কথা বলেন। এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, দীর্ঘদিন ধরে হোসেন আলী গংরা জমিটি ভোগদখল করে আসছেন। গতকাল শনিবার কিছু দুষ্কৃতকারী জোরপূর্বক জমিটি দখলে নিতে চেষ্টা চালায়। এ বিষয়ে গাজীপুর জেলা আইনজীবী রফিকুল ইসলাম বলেন, দেওয়ানী মোকদ্দমা ও আদালতের নির্দেশ ছাড়া কোনো ভূমি জোরপূর্বক দখল ফৌজদারী দণ্ডবিধিতে অপরাধের শামিল। টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মাদ আমিনুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিষয়ে আদালতের নির্দেশনা ছাড়া পুলিশ হস্তক্ষেপ করতে পারে না। তবে আইনশৃঙ্খলা বিঘ্নিত হলে জমিতে উভয় পক্ষকে প্রবেশে নিষেধাজ্ঞা দিতে পারে।
