পরিবেশ ছাড়পত্র ও সিডিএর অনুমোদন নেই অনেকের

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ২২:৩৬

চট্টগ্রাম বেসরকারি কনটেইনার ডিপো বা অফডকসমূহ পরিবেশ অধিদপ্তরের কঠোর নজরদারিতে আসছে। চট্টগ্রাম মহানগরী ও মহানগরীর বাইরে ১৮টি অফডক রয়েছে। এসব অফডকের পরিবেশ ছাড়পত্র নেওয়ার নিয়ম থাকলেও এখনো অনেকগুলো নেয়নি বলে জানা যায়। আবার যারা ইতিপূর্বে পরিবেশ ছাড়পত্র নিয়েছিল তাদের কয়েকটি তা নবায়ন করেনি।

পতেঙ্গা এলাকায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর সড়কে সম্প্রতি ইনকনট্রেড নামে একটি অফডকে জ্বালানি তেলের ট্যাংক বিস্ফোরণের কারণে হতাহতের ঘটনায় চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর নড়েচড়ে বসেছে। কারণ অফডকের মধ্যে ওয়ার্কশপ বা ওয়েল্ডিংসহ যানবাহন মেরামত করার কোনো নিয়ম না থাকলেও অনেক অফডকে তা করা হচ্ছে বলে জানা যায়। ইনকনট্রেড অফডকের ভেতর ওয়ার্কশপে জ্বালানি তেলের ট্যাংকে ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণ ঘটে। এতে মারাত্মক দুর্ঘটনায় একাধিক ব্যক্তি প্রাণহানিসহ অনেক আহত হয়েছে। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরীর পক্ষ থেকে উক্ত অফডকে সম্প্রতি অভিযান চালিয়ে পরিবেশ ছাড়পত্র নবায়ন না করায় ২ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরীর পরিচালক মো. নুরুন্নবী নূরী জানান, অফডকের মধ্যে কোনো প্রকার ওয়ার্কশপ কিংবা ওয়েল্ডিং করার অনুমোদন নেই। অভিযোগ রয়েছে অনেক অফডকে এ ধরনের কাজ করা হচ্ছে। তা খতিয়ে দেখা হচ্ছে। জানা যায়, চট্টগ্রাম মহানগরী এলাকায় ছয়টি এবং মহানগরীর বাইরে বাকি ১২টি অফডক রয়েছে।

এদিকে চট্টগ্রাম বন্দরের পক্ষ থেকে নগরীর ২০ কিলোমিটার বাইরে অফডকসমূহ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। নগরীর যানজট কমানোর জন্য সব অফডক শহর থেকে দ্রুত নিয়ে যাওয়ার জন্য বলা হলেও তা কার্যকর হয়নি। বিশেষ করে নগরীর বন্দর ও পতেঙ্গা এলাকায় থাকা অফডকসমূহের ট্রলি, কাভার্ড ভ্যান, ট্রেলারসহ কনটেইনারবাহী যানবাহনের জন্য ঐ এলাকায় প্রায়শই যানজট লেগে থাকে। তাছাড়া অফডকসমূহে বিভিন্ন স্থাপনা নির্মাণের ক্ষেত্রে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নক্শা অনুমোদনের নিয়ম থাকলেও অধিকাংশের ক্ষেত্রে তা মানা হয়নি। সিডিএর সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, তাদের পক্ষ থেকে ইতিপূর্বে চিঠি দেওয়া হলেও আমলে নেইনি অফডক মালিকদের অনেকে।

বাংলাদেশ প্রাইভেট ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল কাইয়ুম খান জানান, অফডকের ভেতর ওয়ার্কশপ না থাকলে বড় বড় ইকুইপমেন্ট কীভাবে মেরামত হবে। তবে দুর্ঘটনা যথা সম্ভব না হওয়ার জন্য ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, নতুন পলিসি অনুযায়ী নতুন অফডক করার ক্ষেত্রে শহর থেকে ২০ কিলোমিটার দূরে করতে হবে। পুরাতন অফডকের ক্ষেত্রে তা প্রযোজ্য নয় বলে তিনি জানান। নুরুল কাইয়ুম খান বলেন, অফডকে অবকাঠামো নির্মাণের সময় সিডিএর নজরদারি থাকা দরকার।

উল্লেখ্য, আমদানি পণ্যের মধ্যে ৩৭টি পণ্য বেসরকারি ডিপোসমূহের মাধ্যমে আমদানিকারকরা খালাস করে থাকেন। তবে রপ্তানি পণ্যের সবগুলো ঐসব অফডকের মাধ্যমে জাহাজীকরণ করা হয়।