আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আওয়ামী লীগের তৃণমূলের সব কমিটি সম্মেলনের মধ্য দিয়ে গঠন করতে হবে। সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হলে মাঠের লোকেরাই নেতা হবেন। আর সম্মেলন ছাড়া কমিটি হলে লবিং বা তদবিরের লোক নেতা হন।
গতকাল গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে বিকালে নিজ বাসভবনে অনলাইন সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন। তিনি বলেন, দলীয় সভানেত্রী শেখ হাসিনা সাংগঠনিক কমিটি গঠনের ক্ষেত্রে দুর্দিনের ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিত নেতাকর্মীরা যাতে বাদ না পড়েন, সেদিকে সবাইকে লক্ষ রাখতে নির্দেশ দেন। কমিটিগুলোতে সভাপতি, সাধারণ সম্পাদক হলেই নিজেদের লোক দিয়ে ‘মাই ম্যান’ (নিজস্ব বলয় সৃষ্টির জন্য) কমিটি গঠন করা যাবে না, কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যারা প্রার্থী হয়েছিলেন, তাদের মধ্যে যোগ্যতাসম্পন্ন ও পরীক্ষিত নেতাদের কমিটিতে রাখতে হবে বলে জানান ওবায়দুল কাদের। কোনো অবস্থাতেই দলের অভ্যন্তরে বিতর্কিতদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া চলবে না। বৈঠকে সারা দেশে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে আটটি সাংগঠনিক বিভাগের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যদের সমন্বয়ে আটটি টিম গঠন করা হয়। রংপুর বিভাগে টিম সমন্বয়কের দায়িত্ব পালন করবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এছাড়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি ও শাজাহান খান এমপি, কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য হোসনে আরা লুত্ফা ডালিয়া ও সফুরা বেগম রুমি এই বিভাগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
রাজশাহী বিভাগে টিম সমন্বয়কের দায়িত্ব পালন করবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। এছাড়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহামান, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, মেরিন জাহান ও বেগম আখতার জাহান সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। খুলনা বিভাগে সমন্বয়কের দায়িত্ব পালন করবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। এছাড়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ ও পীযূষ কান্তি ভট্টাচার্য্য, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা ও অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
বরিশাল বিভাগে সমন্বয়কের দায়িত্ব পালন করবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। এছাড়া কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ ও আ খ ম জাহাঙ্গীর হোসাইন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম কবীর রব্বানী চিনু ও আনিসুর রহমান সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। ঢাকা বিভাগে টিম সমন্বয়কের দায়িত্ব পালন করবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। এছাড়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, লে কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান ও অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, শিক্ষাবিষয়ক সম্পাদক শামসুর নাহার চাঁপা, মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম, এ বি এম রিয়াজুল কবির কাওছার, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, সানজিদা খানম, সাহাবুদ্দিন ফারাজী ও মোহাম্মদ সাঈদ খোকন সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
ময়মনসিংহ বিভাগে টিম সমন্বয়কের দায়িত্ব পালন করবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। এছাড়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। সিলেট বিভাগে টিম সমন্বয়কের দায়িত্ব পালন করবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। এছাড়া প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও নুরুল ইসলাম নাহিদ, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী ও উপদপ্তর সম্পাদক সায়েম খান সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
চট্টগ্রাম বিভাগে টিম সমন্বয়কের দায়িত্ব পালন করবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। এছাড়া প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, আব্দুল মতিন খসরু, কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হারুনুর রশীদ, উপপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম আমিন ও কেন্দ্রীয় কমিটির সদস্য দীপংকর তালুকদার সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
