গোদাগাড়ীতে স্ত্রীর মুখে অ্যাসিড নিক্ষেপ স্বামী গ্রেফতার

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ২২:৫৩

গোদাগাড়ীতে এসিড ছুড়ে স্ত্রীর মুখ ঝলসে দেওয়ার অভিযোগ তার স্বামী মুরাদ হোসেনকে (৩০) গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার কুমরপুর গ্রাম থেকে র্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল তাকে গ্রেফতার করে। ট্রাকের হেলপার মুরাদ গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার রাণীনগর গ্রামে মুরাদের শ্বশুরবাড়ির জানালা দিয়ে এসিড ছুড়ে তার স্ত্রী মাহবুবা খাতুনের (১৫) মুখ ঝলসে দেয়। মাহবুবা তার মা ও ভাইয়ের সঙ্গে একই ঘরে ঘুমিয়েছিল।

তার মা সেফালি বেগমের দাবি, এসিড ছুড়ে পালানোর সময় তিনি তার মেয়ে জামাই মুরাদকে জানালার পাশে দেখেছেন। ঘটনার পর ভোরে মাহবুবাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। রাতে মুরাদকে একমাত্র আসামি করে থানায় মামলা করেন সেফালি বেগম। জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য জানান। র্যাব-৫-এর রাজশাহীর কোম্পানি অধিনায়ক এ টি এম মাইনুল ইসলাম জানান, গ্রেফতারের পরে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, দেড় বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন মুরাদ ও মাহবুবা। পরে বনিবনা না হওয়ায় মাহবুবা আর সংসার করতে চায়নি। তাই চার মাস ধরে বাবার বাড়িতেই থাকত। এ কারণে ক্ষিপ্ত হয়ে মাহবুবার ওপর এসিড নিক্ষেপ করেন মুরাদ। রামেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. আফরোজা নাজনীন বলেন, মাহবুবা এখন শঙ্কামুক্ত।