স্বামীর গাড়ি থেকে ঝাঁপ দিয়ে স্ত্রীর আত্মহত্যা!

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ২২:৫৪

বাঘায় স্বামীর চলন্ত প্রাইভেটকার থেকে ঝাঁপদিয়ে মারা গেছেন স্ত্রী। গতকাল শনিবার সকালে বাঘার মীরগঞ্জ এলাকায় শ্বশুরবাড়ি থেকে লোকজনকে ফাঁকি দিয়ে মোহাম্মদ আলী তার স্ত্রী জুলিয়াকে ঢাকায় নেওয়ার পথে জুলিয়া প্রাইভেটকার থেকে ঝাঁপ দিয়ে আহত হন। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর মোহাম্মদ আলীকে থানা হেফাজতে রাখা হয়েছে।

জানা গেছে, প্রায় ছয় বছর আগে উপজেলার মীরগঞ্জ গ্রামের মোশারফ হোসেনের মেয়ে জুলিয়া খাতুনকে (২০) বিয়ে দেওয়া হয় রাজবাড়ী জেলার শহিদুল মণ্ডলের ছেলে মোহাম্মদ আলীর (২৭) সঙ্গে। পাঁচ বছরের একটি ছেলে রয়েছে তাদের।

জুলিয়ার মামা মকুল হোসেন জানান, কিছুদিন ধরে জুলিয়া ও তার স্বামীর সম্পর্ক ভালো যাচ্ছিল না। এ কারণে এক মাস ধরে জুলিয়া তার মা-বাবার বাড়িতে অবস্থান করছিল এবং ঢাকায় যেতে চাচ্ছিল না। হঠাত্ শুক্রবার মোহাম্মদ আলী তার প্রাইভেটকার নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে আসে। শনিবার সকাল ১০টার দিকে বাঘা মাজার শরিফ দেখতে যাওয়ার কথা বলে স্ত্রী-পুত্রকে প্রাইভেটকারে নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে মাজারে না গিয়ে বাঘাবাজার অতিক্রম করে ঢাকার উদ্দেশে গাড়ি চালাতে থাকলে জুলিয়া গাড়ির দরজা খুলে ঝাঁপ দেয়। এতে জুলিয়া গুরুত্বর আহত হয়। জুলিয়ার স্বামী ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। তখন কর্তব্যরত চিকিত্সক জুলিয়াকে রামেক হাসপাতালে নেওয়ার পরমর্শ দেন। রামেক হাসপাতালে নেওয়া পথে তিনি মারা যান।

বাঘা থানার ওসি জরুল ইসলাম জানান, মোহাম্মদ আলীকে থানা হেফাজতে রাখা হয়েছে।