ঢাকা থেকে বরিশালে আসার পথে লঞ্চে কন্যা সন্তান প্রসব

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ০৬:২৮

ঢাকা থেকে বরিশালে আসার পথে এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে গর্ভবতী এক নারী নিরাপদে কন্যা সন্তান প্রসব করেছেন। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টায় মেঘনা নদীতে চলমান ঐ লঞ্চটিতে জন্ম নেওয়া কন্যা সন্তান ও তার মা সুস্থ আছেন বলেন জানিয়েছেন লঞ্চ কর্তৃপক্ষ। 

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল এলাকার বাসিন্দা ফোরকান হাওলাদারের স্ত্রী ফাহিমা বেগম এ কন্যা সন্তান জন্ম দেন। ফোরকান হাওলাদার ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। তার গর্ভবতী স্ত্রী ফাহিমা বেগমকে নিয়ে শনিবার রাতে ঢাকা থেকে এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের ২১০ নম্বর কেবিনে করে বরিশালের উদ্দেশে যাত্রা করেন। রাত সাড়ে ১১টার দিকে স্ত্রী প্রসব বেদনা দেখা দিলে তিনি লঞ্চের দায়িত্বরত স্টাফদের জানালে দু’জন নারীর সহায়তায় নিরাপদে বাচ্চা প্রসব করান। 

আরও পড়ুন: বরগুনায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার 

লঞ্চের স্বত্ত্বাধিকারী নিজাম শিপিং কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন মৃধা জানান, শিশুটি ও তার মা ভালো ও সুস্থ থাকলেও লঞ্চটিকে নিরাপদে যথাসম্ভব আগেভাগে বরিশালে পৌঁছানোর জন্য মাস্টারদের বলা হয়েছে। সেখানে কোম্পানির পক্ষ থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি করানো ও চিকিৎসার যাবতীয় সহায়তা কোম্পানির পক্ষ থেকেই করা হবে। এছাড়াও ফোরকান ও ফাহিমা দম্পতি ও সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুটির আজীবনের জন্য এ কোম্পানির লঞ্চে যাতায়াত ফ্রি বলে তিনি জানান। 

এদিকে নিরাপদে শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পরে গোটা লঞ্চে মাইকে এর ঘোষণা দেয়া হলে গোটা লঞ্চে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। লঞ্চের যাত্রী একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার কাছে থাকা মিষ্টি যাত্রীদের মাঝে বিতরণ করেন। 

ইত্তেফাক/এএএম