নব্য জেএমবির সদস্য গ্রেফতার

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ১৯:০৫

গাজীপুরের বাসন থানা এলাকার গ্রেটওয়াল সিটি বাজার থেকে নব্য জেএমবির এক সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতারকৃত সদস্য হলো- মো. আব্দুল্লাহ আল নোমান খান (২৫)।  গ্রেফতারের সময় তার কাছ থেকে দুটি মোবাইল সেট, বালাকোট মিডিয়া পুস্তিকা ও অন্যান্য উগ্রপন্থী বই জব্দ করা হয়েছে। এই বইগুলোর মধ্যে একটি বিস্ফোরক দ্রব্য তৈরির সহায়িকা বইও আছে।  

গ্রেফতারকৃত আব্দুল্লাহ, তার সহযোগী মোরশেদুল আলম এবং আরো অজ্ঞাতনামা সাত-আট জন গাজীপুরে একটি গোপন বৈঠকে একত্রিত হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। বৈঠকে অংশগ্রহণকারী সকলে বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির বিভিন্ন স্তরের সদস্য। তারা গোপন বৈঠকে মিলিত হয়ে বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য এবং জনসাধারণের ভিতর আতঙ্ক সৃষ্টি, ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচারের মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ও নাশকতা ঘটানোর উদ্দেশ্যে বিভিন্ন পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নিচ্ছিল।  

আরো পড়ুন : পিএসসির সদস্য হিসেবে শপথ নিলেন শামীম আহসান

এছাড়া তারা রাষ্ট্রীয় ও ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হত্যা এবং প্রজাতন্ত্রের ক্ষয়ক্ষতির জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসছিল। গ্রেফতারকৃত আসামি ও সহযোগীরা নিজেদের মধ্যে প্রশিক্ষণ ও প্রযুক্তির মাধ্যমে তথ্য আদান প্রদান করে একে অপরকে সাহায্য, সহায়তা ও প্ররোচিত করাসহ বিভিন্নভাবে উগ্রবাদী কার্যক্রম চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া গত ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে ট্রাফিক পুলিশ বক্সে বোমা হামলার ঘটনায় পরিকল্পনাকারী ও সহযোগী হিসেবে আব্দুল্লাহ আল নোমান খানের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। 

 

ইত্তেফাক/ইউবি