স্পোর্টস ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতকাল রাতে শারজাহতে বড় জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তারা ৩৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদকে। এটা দলটির তৃতীয় জয়। অন্যদিকে ডেভিড ওয়ার্নারের হায়দ্রাবাদ চলতি আসরে তৃতীয়বারের মত পরাজয়ের শিকার হল।
নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স ২০৮ রান তুলেছিল। এদিন রানের ছন্দে ফিরলেন কুইন্টন ডি কক। পাঁচ বলে ছয় রান করে রোহিত শর্মা আউট হলে ডি কক বিধ্বংসী খেলে ৩৯ বলে ৬৭ রান হাঁকিয়েছেন। চারটি চার হাঁকানোর পাশাপাশি বাঁ-হাতি ওপেনার চারটি ছক্কাও হাকিঁয়েছেন।
মিডল অর্ডারে আরেক বাঁ-হাতি ঈশান কিষান রান পেয়েছেন। এদিন ২৩ বলে করলেন ৩১ রান। পোলার্ড ১৩ বলে ২৫ ও হার্দিক ১৯ বলে ২৮ রান হাঁকান। শেষের দিকে ক্যামিও ইনিংস খেলেন ক্রুনাল পান্ডিয়া। চার বলে ক্রুণাল দু’টি চার ও দু’টি ছক্কা হাঁকিয়ে ২০ রান করেন।
জবাব দিতে নেমে, নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৭৪ রান করতে পারে হায়দ্রাবাদ। ওয়ার্নার দলের হয় সর্বোচ্চ ৬০ রান করেন। মুম্বাইয়ের হয়ে দু’টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, জেমস প্যাটিনসন ও জাসপ্রিত বুমরাহ।
