সমতায় শেষ গার্দিওলা-বিয়েলসার লড়াই

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ২২:০৫

ম্যানচেস্টার সিটি ১

লিডস ইউনাইটেড ১

 স্পোর্টস ডেস্ক

ক্যারিয়ারের শুরু থেকেই মার্সেলো বিয়েলসার ফুটবল দর্শনের ছাপ আছে পেপ গার্দিওলার কৌশলে। আক্রমণাত্মক ফুটবলই যাদের দর্শনের শেষকথা, তাদের মুখোমুখি লড়াইটা যে বাড়তি রোমাঞ্চ ছড়াবে তা অনুমিতই ছিল। হলোও তাই, শিরোপা প্রত্যাশী ম্যানচেস্টার সিটির সঙ্গে পিছিয়ে পড়েও রোমাঞ্চকর এক ড্র নিয়ে মাঠ ছেড়েছে বিয়েলসার লিডস ইউনাইটেড।

ম্যাচটা শেষ হয়েছে ১-১ গোলে। প্রথমার্ধে রাহিম স্টার্লিংয়ের গোলের জবাব দ্বিতীয়ার্ধে রদ্রিগো মোরেনোর গোলে দিয়েছে লিডস। তবে এই ফলাফলের মোটেও সাধ্য নেই ম্যাচের রোমাঞ্চ বর্ণনার। পুরো ম্যাচে দুই দল মিলে শট নিয়েছে ৩৬টি। প্রিমিয়ার লিগে এক ম্যাচে সবচেয়ে বেশি শট নেওয়ার রেকর্ডও গড়া হয়ে গেছে তাতে।

আর্জেন্টাইন কোচের প্রতি গার্দিওলার ভালোবাসাটা বেশ প্রকাশ্য ব্যাপার। বর্তমান ম্যানসিটি কোচ গার্দিওলা এক সময়ে ইয়োহান ক্রুইফের সরাসরি শিষ্য হলেও ক্যারিয়ারের শুরুতে বিয়েলসারও কাছে গিয়েছিলেন কৌশলগত মুন্সিয়ানা রপ্ত করতে।

সে বিয়েলসার দলের মুখোমুখি হয়ে আশানুরূপ ফল না পেলেও আক্রমণাত্মক ফুটবলে তৃপ্ত সিটি কোচ। তিনি বলেন, ‘ম্যাচটা দুর্দান্ত ছিল। দুটো দলই যখন আক্রমণ করতে চায়, লড়াইটা তখন ভালো না হয়েই যায় না। এদের মোকাবেলা করা কঠিন, আক্রমণেই তাদের পাঁচ জন খেলোয়াড় ছিল যারা আমাদের রক্ষণকে আঘাত করতে চেষ্টা করছিল।’

তিনি আরো যোগ করেন, ‘এটা সবার জন্যই উপভোগ্য এক ম্যাচ। যারা ফুটবল উপভোগ করে আর অনেক বছর পর এখানের শীর্ষ পর্যায়ে এসেছে তাদের নিয়ে আমি গর্বিত। আমাদের খুব বেশি কিছু করার ছিল না, কারণ বিয়েলসার মতো তারাও দুর্দান্ত।’

লিডস কোচ জানালেন, তার দলের জেতার মতো সক্ষমতা ছিল ঠিকই, কিন্তু জিতে গেলে লড়াইয়ের ন্যায্য ফলটা মিলতো না মোটেও। তিনি বলেন, ‘ম্যাচটা যদি আমরা জিতেই যেতাম, তাহলে সেটা ন্যায্য হতো না মোটেও। সেটা করা সম্ভবও ছিল আমাদের জন্য, কিন্তু সেটা ন্যায্য ফলাফল হতো না।’