তিন মাসে রপ্তানিতে প্রবৃদ্ধি ২ দশমিক ৫৮ শতাংশ

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ২২:০৯

ইত্তেফাক রিপোর্ট

অর্থবছরের প্রথম মাস থেকেই করোনার ধাক্কা কাটিয়ে উঠেছে দেশের রপ্তানি খাত। রপ্তানি প্রবৃদ্ধি নেতিবাচক থেকে ইতিবাচক হয়। চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম তিন মাস জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে রপ্তানি ২৪ কোটি ৮৮ লাখ ডলার বেড়েছে। স্থানীয় মুদ্রায় এর পরিমাণ ২ হাজার ১১৫ কোটি টাকা। রপ্তানি বাড়ার এ চিত্র আশাবাদী করেছে সংশ্লিষ্টদের।

রপ্তানিকারকরা বলছেন, করোনার শুরুর দিকে স্থগিত হয়ে যাওয়া রপ্তানি আদেশ পরবর্তীকালে ফিরতে শুরু করে। অন্যদিকে ইউরোপ ও আমেরিকার মতো বড় বাজারেও দোকান খুলতে শুরু করেছে। বিক্রি বাড়তে থাকায় রপ্তানি আদেশ আসছিল। অর্থবছরের শুরুর মাসেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এখন তা আরো স্পষ্ট হচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যে দেখা গেছে, জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে রপ্তানি হয়েছে ৯৮৯ কোটি ৬৮ লাখ ডলারের পণ্য। আগের বছরের একই সময়ের চেয়ে রপ্তানি বেড়েছে ২ দশমিক ৫৮ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ৯৬৪ কোটি ৮০ লাখ ডলারের পণ্য। যা এ সময়ের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ৪৫ শতাংশ।

সার্বিকভাবে রপ্তানি প্রবৃদ্ধি প্রায় তিন শতাংশ হলেও প্রধান রপ্তানিপণ্য তৈরি পোশাক খাতে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে এক শতাংশেরও কম। মাত্র দশমিক ৮৫ শতাংশ। এ খাতের নিট ক্যাটাগরির পণ্যের রপ্তানি ৭ দশমিক ৪ শতাংশ হলেও ওভেন ক্যাটাগরির পণ্যের রপ্তানি কম হয়েছে ৬ শতাংশ। সব মিলিয়ে মোট ৮১২ কোটি ৬৩ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে এ সময়। আগের বছরের একই সময় পোশাক রপ্তানির পরিমাণ ছিল ৮০৫ কোটি ৭৫ লাখ ডলার। আলোচ্য এ তিন মাসে প্লাস্টিক পণ্য, রাবার, চামড়া ও চামড়াজাত পণ্য, স্পেশালাইজ টেক্সটাইল রপ্তানিতে আয় কমেছে। অন্যদিকে রপ্তানি বাড়ার তালিকায় রয়েছে কৃষি পণ্য, চিংড়ি এবং হিমায়িত মাছ, হ্যান্ডিক্যাফট, হোমটেক্সটাইল পাট ও ওষুধ প্রভৃতির নাম।

এদিকে একক মাস হিসেবে সেপ্টেম্বর মাসে রপ্তানি হয়েছে ৩০১ কোটি ৮৭ লাখ ডলারের পণ্য। একক মাসে রপ্তানি বেড়েছে ৩ দশমিক ৫৩ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ২৯১ কোটি ৫৮ লাখ ডলারের পণ্য। এটি সেপ্টেম্বর মাসের লক্ষ্যমাত্রার চেয়ে ৫ দশমিক ৯২ শতাংশ বেশি।