নিরীক্ষা কার্যক্রম ডিজিটাল করা জরুরি ...আইসিএবি সম্মেলনে বক্তারা

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ২২:১১

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশে বর্তমান নিরীক্ষা কার্যক্রম নথিপত্রনির্ভর কাগজভিত্তিক, অধিক সময় সাপেক্ষ ও কার্যক্রম পর্যালোচনা করা জটিল। নিরীক্ষা কার্যক্রম ডিজিটাল করা অতীব জরুরি। প্রযুক্তির সহায়তায় বিভিন্ন আইন ও স্ট্যান্ডার্ড প্রয়োগ এবং নিরীক্ষমাণ উন্নয়নে এই প্রযুক্তির আগামীতে ব্যাপক প্রভাব ফলবে। শনিবার দি ইনস্টিস্টটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্স অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত ‘অ্যাপ্লিকেশন অব আইটি ইন অডিট প্রাকটিস’ শীর্ষক মেম্বার কনফারেন্সে বক্তারা এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন কম্পট্রোলার অব অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ব ব্যাংকের লিড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট সুরাইয়া জান্নাত খান এফসিএ। আইসিএবির প্রেসিডেন্ট মুহাম্মদ ফারুক এফসিএ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন। মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে যেখানে সবকিছু প্রযুক্তিগতভাবে আন্তঃসংযুক্ত ও সমন্বিত, সেখানে হিসাববিদদের বহুমাত্রিক দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে হবে। সিএ ফার্মগুলো কেবল একমুখী শিক্ষা দিয়ে টিকে থাকতে পারবে না।