সারা দেশে করোনা চিকিত্সায় নিয়োজিত বেডের সংখ্যা ১১ হাজার ৬৮৭টি। এর মধ্যে রোগী ভর্তি আছে ২ হাজার ৬১০ জন এবং খালি আছে ৯ হাজার ৭৭টি। সেই হিসাবে দেশের ৭৭ দশমিক ৬৭ শতাংশ করোনা বেড খালি আছে। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানায়।
এদিকে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৩৪৮ জনে দাঁড়াল। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১২৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৬৯০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৫৮৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা দাঁড়াল ২ লাখ ৮১ হাজার ৬৫৬ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০৯টি ল্যাবে ৯ হাজার ৮৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৮৯ হাজার ৬৬৪টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৪১ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৮ দশমিক ৫৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৬ দশমিক ৩৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। সারা দেশে আইসিইউ বেড ৫৬৪টি। আইসিইউ বেডে ভর্তি ২৯১ জন এবং খালি আছে ২৭৩টি। সেই হিসাবে দেশের ৪৮ দশমিক ৪ শতাংশ আইসিইউ বেড খালি।
গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৭ জন, নারী ছয় জন। এদের মধ্যে ২২ জন হাসপাতাল ও একজন বাড়িতে মারা গেছেন। মৃতদের মধ্যে ১২ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, পাঁচ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, তিন জনের বয়স ছিল ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং একজন করে মোট তিন জনের বয়স ৩১ থেকে ৪০ ও ২১ থেকে ৩০ এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ছিল। ১৭ জন ঢাকা বিভাগের, দুই জন রংপুর বিভাগের এবং একজন করে মোট চার জন চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের বাসিন্দা ছিলেন।
