শ্রীলংকার সফর স্থগিত হয়ে যাওয়ায় নিজেদের মধ্যে দু’দলে ভাগ হয়ে প্রস্তুতিমূলক ম্যাচ নিয়ে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা। ইতোমধ্যেই একটি দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছেন মোমিনুল-মাহমুদুল্লাহরা। ব্যাট হাতে সেঞ্চুরি করেছেন টেস্ট অধিনায়ক মোমিনুল হক।
একদিনের বিরতি দিয়ে আগামীকাল দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচে মাঠে নামছে বাংলাদেশের খেলোয়াড়রা। প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে খেলতে পারেননি ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তবে দ্বিতীয় দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচে খেলবেন এই ড্যাশিং ওপেনার। ওটিস গিবসন একাদশের বিপক্ষে রায়ান কুক একাদশের হয়ে খেলবেন তামিম। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল সকাল সাড়ে নয়টায় শুরু হবে ম্যাচটি।
গত মার্চে করোনাভাইরাসের কারণে বাংলাদেশের ক্রীড়াঙ্গন থমকে যায়। ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের পর বন্ধ হয় দেশের ক্রিকেটীয় কার্যক্রম।
তবে প্রায় দু’শ দিন পর নিজেদের মধ্যে ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেন বাংলাদেশের ক্রিকেটাররা। শ্রীলংকা সিরিজ স্থগিত হওয়ায়, বোলিং কোচ ওটিস গিবসন ও ফিল্ডিং কোচ রায়ান গিবসনের নামে দুই দলে বিভিক্ত হয়ে প্রস্তুতি ম্যাচে অংশ নেন তারা।
ইত্তেফাক/এএম
