বিশ্ব প্রাণী দিবস উপলক্ষে প্রাণী সুরক্ষার বার্তা পৌঁছে দিতে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার মেরিন ড্রাইভে ৮০ কিলোমিটার পরিভ্রমণ করেছে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তারা হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাসফিকুল হাসান টনি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশ্বনাথ ভৌমিক।
গত ২ অক্টোবর কক্সবাজারের কলাতলী সমুদ্র সৈকত থেকে পরিভ্রমণ শুরু করে। ১ম দিন প্রায় ৪৮ কিলোমিটার পথ অতিক্রান্ত করার পরে ২য় দিন ৩২ কিলোমিটার পথ অতিক্রান্ত করেই তারা লক্ষ্যে পৌঁছে যায় (সাবরাং বেড়িবাঁধ)।
পরিভ্রমণটির মূল স্লোগান ছিল, ‘বন্য প্রাণী হত্যা বন্ধ করুন, পরিবেশের ভারসাম্য বজায় রাখুন।’
পরিভ্রমণটি সম্পর্কে জানতে চাইলে দলনেতা মাসফিকুল হাসান টনি বলেন, পরিভ্রমণ আমার কাছে বেশ ভিন্ন ধরন এবং সবচেয়ে চমৎকার ভ্রমণ মাধ্যম মনে হয়েছে। যদি মেরিন ড্রাইভের কথা বলি, সেখানে পর্যটকরা নির্দিষ্ট কিছু পয়েন্ট এ সময় কাটায়। অনেক সী বিচের নাম পর্যন্ত জানে না। তবে আমরা যেমন পুরো জায়গাটা সময় নিয়ে দেখেছি, তেমনি উপভোগ করেছি এবং স্থানীয়দের সঙ্গে জনসংযোগ করে তাদের সংস্কৃতি, আয়ের উৎসসহ তাদের অনেক অভিজ্ঞতা সম্পর্কে জেনেছি। এই পাওয়া গুলো সাধারণ ট্যুর/ভ্রমণে সম্ভব নয়। আর বন্য প্রাণী নিয়ে অনেক স্থানীয়দের সঙ্গে আলাপ করে জেনেছি এখানে কেউ শিকার করে না। তবে দেশের বিভিন্ন অঞ্চলে শিকার করা হয়। তাদের প্রতি অনুরোধ এভাবে বন্য প্রাণী নিধন করে পরিবেশকে হুমকির মুখে ঠেলে দেবেন না।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মাসফিকুল বলেন, আমরা ক্রস কান্ট্রি (বাংলাবান্ধা টু টেকনাফ) পরিভ্রমণের জন্য প্রস্তুতি গ্রহণ করছে।
ইত্তেফাক/বিএএফ
