কালাই উপনির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর পথসভায় ককটেল বিস্ফোরণ

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১৪:০৪

কালাই পৌরসভার উপনির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী তৌফিকুল ইসলাম বেলাল তালুকদারের পথসভায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে কালাই পৌরসভার কাজী পাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। এ সময় পরপর ২টি ককটেল বিস্ফোরণের ঘটনায় আব্দুল লতিফ নামে এক কর্মী আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মত কালাই পৌরসভার উপনির্বাচনে নৌকা মার্কা ভোটের পথসভায় হয়। সেই ধারাবাহিকতায় রবিবার রাতে নৌকা মার্কার প্রার্থী বেলাল তালুকদার নেতাকর্মী নিয়ে কাজীপাড়া মহল্লায় পথসভা করেন। সেই পথসভা শেষে এই স্থানে খাবার প্রস্তুতি নিচ্ছিলেন নেতাকর্মীরা। এ সময়  হঠাৎ করেই বিদ্যুৎ এর লাইন বন্ধ করে পরপর ২টি ককটেল বিস্ফোরণ হয় এবং ২টি অবিস্ফোরিত ককটেল চেয়ার নিচ পড়ে ছিল। এ ঘটনায় আব্দুল লতিফ নামে এক কর্মী আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি তাজা ককটেল উদ্ধার  করে।

উপজেলার মাত্রাই ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ বলেন, প্রতিদিনের মত কালাই পৌরসভার উপনির্বাচনে নৌকা মার্কা পথসভায় অংশ গ্রহণ করি। গতকাল রবিবার রাতে আমরা কাজী পাড়া মহল্লায় নৌকা মার্কার প্রার্থী বেলাল তালুকদারের নির্বাচনী পথসভা শেষে একই স্থানে খাবার প্রস্তুতির সময় বিদ্যুতের এর লাইন বন্ধ হওয়ার মাত্রই কে বা কারা আমার সামনে ২টি ককটেল বিস্ফোরণ ঘটলে আমার পায়ে আঘাত লাগে।

কালাই থানার অফিসার ইনচার্জ সেলিম মালি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণ হওয়া দুটি ককটেলের খোসা এবং টেপ পেঁচানো দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


ইত্তেফাক/আরকেজি