দিনাজপুরের ঘোড়াঘাটে একটি হাফিজিয়া মাদ্রাসার ও এতিমখানা সংলগ্ন মসজিদের বারান্দা নির্মাণ কাজে চাঁদা দাবি করে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ৬-৭ জনের একটি সংঘবদ্ধ দল। অভিযোগ করা হয়েছে চাঁদা দাবি করা ২ লক্ষ টাকা না পেয়ে ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির লোকজনকে মারপিট ও করা হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর একই দিন রাতে পুলিশ একজনকে এবং গত রবিবার রাতে সেই আলোচিত আওয়ামী লীগ নেতা ময়নুল মাষ্টারকে গ্রেফতার করছে।
প্রধান অভিযুক্ত ব্যক্তির নাম ময়নুল মাষ্টার। তিনি উপজেলার ২নং পালশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। অভিযুক্ত অন্যরা হলেন, স্থানীয় আওয়ামীলীগ নেতা ফয়সাল হোসেনসহ ৬-৭ জন। এই চাঁদা দাবির মামলায় প্রথমে গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইরফানুল হক জুয়েল (৩৫)। তিনি দেওগ্রাম পশ্চিম পাড়ার সামছুল হকের ছেলে ।
ঘোড়াঘাট থানায় মামলার এজাহারে উল্লেখ উপজেলার ডুগডুগীহাট বাজারে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন মসজিদেরও বারান্দার নির্মাণ কাজ চলাকালীন ময়নুল মাষ্টার ও ফয়সাল হোসেনের নেতৃত্বে ৬-৭ জনের একটি সংঘবদ্ধ দল মাদ্রাসার ম্যানেজিং কমিটির কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। পরে গত ৩০ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে আওয়ামী লীগ নেতা ফয়সাল ও জাহাঙ্গীর নামের দুইজন মসজিদের বারান্দার নির্মাণ কাজ বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে মাদ্রাসা ও মসজিদের ম্যানেজিং কমিটির লোকজন এসে পুনরায় কাজ চালু করে দেন।
আরো পড়ুনঃ রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
একই দিন রাত সাড়ে ৯ টার দিকে ম্যানেজিং কমিটির লোকজন মাদ্রাসার অফিস কক্ষে বসে থাকা অবস্থায় সংঘবদ্ধ দলটি ময়নুল মাষ্টারের নেতৃত্ব মাদ্রাসা অফিস কক্ষে আসে। তারা ২ লক্ষ টাকা চাঁদা চায় এবং পুনরায় কাজ শুরু করায় অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এক পর্যায়ে তার হুমকি ও উপস্থিত ম্যানেজিং কমিটির লোকজনের উপর চড়াও হয়ে লাঞ্ছিত করেন। ঘটনার টের পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে তারা সটকে পড়েন।
থানা সূত্র জানায়, ২০২০ সালেই আওয়ামী লীগ নেতা ময়নুল মাষ্টারের বিরুদ্ধে ঢাকার সবুজবাগ থানায় ককেন পাচার (মাদক) ৫টি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় তার সঙ্গীও অভিযুক্তদের বিরুদ্ধেও থানায় মামলা আছে।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, এ মামলায় প্রথমে ১ জনকে এবং গত রবিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে বহুল আলোচিত ৯ মামলার আসামী আওয়ামী লীগ নেতা ময়নুল মাষ্টারকে হাকিমপুর (হিলি) থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়।
ইত্তেফাক/এমএএম
