কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে একটি মালবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজির সংঘর্ষে মা-মেয়েসহ তিন জন নিহত হয়েছেন। গতকাল সোমবার সদর উপজেলার কামালিয়ারচর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিএনজি যাত্রী জরিনা আক্তার (৬০) ও তার মেয়ে জেসমিন আক্তার (২৭) এবং সিএনজিচালক বুলবুল মিয়া (৪০)। এ ঘটনায় গুরুতর আহত জেসমিন আক্তারের শিশুকন্যা জারা ও তার বোন মুক্তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুই জনের বাড়ি পাকুন্দিয়া উপজেলার তালদর্শী এবং চালকের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত গ্রামে। এ ঘটনায় ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।
পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সাভার থেকে ইত্তেফাক রিপোর্টার জানান, সাভারে বেপরোয়া গতির পিকআপ ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা সহকর্মীকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল উপজেলার সিএন্ডবি-আশুলিয়া সড়কের কলমা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জাহাঙ্গীর আলম (৩৫) সাভার পৌর এলাকার ছায়াবিথি মহল্লার আবুল কাশেম সাধুর ছেলে এবং আশুলিয়ার চারাবাগ এলাকার একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
মিরপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, মিরপুরে সড়ক দুর্ঘটনায় হায়দার বিশ্বাস (৫৮) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ভারল দক্ষিণপাড়া গ্রামের ছবির বিশ্বাসের ছেলে। গতকাল সোমবার বেলা সাড়ে ১২টার সময় স্বরূপদহ মাদ্রাসা মোড়ে রাস্তা পারাপারের সময় ট্রিয়ারিং ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
