পটুয়াখালীর বাউফলে গভীর রাতে একটি মণ্ডপের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত রবিবার রাতে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের হরলাল হাওলাদার বাড়ির সার্বজনীন দুর্গাপূজার মণ্ডপে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা এ সময় অন্য প্রতিমাসহ প্রতিমার বাহনও ভাঙচুর করে। ঘটনা শুনে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পূজামণ্ডপ কমিটির সভাপতি ননী গোপল দাস বলেন, উপজেলার মমিনপুর গ্রামের হরলাল হাওলাদার বাড়ির লোকজন গতকাল সোমবার ভোরে ঘুম থেকে উঠে মণ্ডপের দুর্গাপ্রতিমা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিকসহ তাদের বাহন ময়ূর, প্যাঁচা, ইঁদুর, বাঘ এবং হাঁস ভাঙা অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দুর্গাপ্রতিমার হাতের কিছু অংশ ভাঙা, অপর প্রতিমাগুলোর মাথা ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের ধারণা দুর্গা অন্য প্রতিমার চেয়ে উঁচু হওয়ায় দুর্বৃত্তরা দুর্গা ভাঙতে পারেনি।
বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে মণ্ডপের সার্বিক নিরাপত্তা দেওয়াসহ প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
