বিএনপি নেতা হাফিজ ইব্রাহিমের মামলা ছয় মাসে নিষ্পত্তির নির্দেশ

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ০০:১৩

বিএনপির সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে দায়েরকৃত অর্থ পাচার মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে গতকাল সোমবার এই আদেশ দেন বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ। আদালতে দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান ও হাফিজ ইব্রাহিমের পক্ষে রুহুল কুদ্দুস কাজল শুনানি করেন।

মানিলন্ডারিংয়ের মাধ্যমে হাফিজ ইব্রাহিম ও তার স্ত্রীর মাফরুজার সিঙ্গাপুরস্থ স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক হিসেবে ১ লাখ ৭৫ হাজার ডলার জমা করার অভিযোগে দুদক ২০১১ সালের ১৬ আগস্ট গুলশান থানায় মামলা করে। ২০১২ সালের ১২ জুন বিচারিক আদালত অভিযোগপত্র আমলে নেয়। ২০১৫ সালের ৩ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৩ তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে। বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। এ অবস্থায় তিনি মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন। গত ৭ জানুয়ারি হাইকোর্ট তার আবেদন খারিজ করে দেয়। এরপর খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন তিনি।