ক্রীড়াঙ্গন ছাড়ছেন না মিকু

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ০৩:১০

ক্রীড়াঙ্গন ছাড়ছেন না বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের মহাসচিব আশিকুর রহমান মিকু। যদিও তিনি ঘোষণা দিয়েছিলেন বাফুফে নির্বাচনে নিজের সমর্থিত প্যানেল সমন্বয় পরিষদের জিততে না পারলে ক্রীড়াঙ্গন ছেড়ে চলে যাবেন।

নির্বাচনের আগে ভোটারদের উদ্দেশে মিকু বলেছিলেন,‘আমি বিশ্বাস করি আপনারা কাউন্সিলররা সঠিক সিদ্ধান্ত নেবেন। ক্রীড়াঙ্গনে আমার ৫০ বছর। যদি এই প্যানেল পাশ না করে তাহলে আমি মনে করব আমার চলে যাওয়ার সময় হয়েছে। আমি বিদায় নেব।’

বাফুফে নির্বাচনে কাজী সালাহউদ্দিনের সম্মিলিত পরিষদের নিরঙ্কুশ বিজয়ের পর এ ব্যাপারে জানতে চাইলে

মিকু জানিয়েছেন তিনি এমন কথা বলেননি। সেদিনের রেকর্ড আবার শোনার অনুরোধ জানিয়ে মিকু বলেন,‘আমি বলেছি বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের মহাসচিব পদ হতে সরে দাঁড়াব। ক্রীড়াঙ্গন হতে সরে দাঁড়ানোর ঘোষণা দেইনি। মহাসচিব পদে থাকব না। ৫০ বছর ক্রীড়াঙ্গনে আছি জীবন-যৌবন শ্রম দিয়েছি। আমি ব্যর্থ হয়েছি। তৃণমূলকে চাঙ্গা করতে পারিনি।’

গতকাল মিকু ঘোষণা দেন,‘আমি সংগঠক পরিষদের সভা ডাকব, সেই সভায় পদত্যাগ করব।’ বাফুফের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,‘ভালো নির্বাচন হয়েছে। সুস্থ এবং সুন্দর নির্বাচন হয়েছে।’

যদিও এখন নিজেদের অনেক ভোটারের ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন মিকু। শেখ আসলামদের প্যানেলের কথা তুলে তিনি বলেন,‘এই প্যানেলে ঐ (সালাহউদ্দিনের সম্মিলিত পরিষদ) প্যানেলের ১৮-২০টা ভোট ছিল। তার মানে ৫০ ভোট নিয়ে মাঠে নেমেছিলাম। যে কারণে দেখা গেছে ভোট ৪০ এর নিচে নামেনি।’

তিনি দাবি করেন ক্লাবগুলো জেলাগুলোকে ভোট দেয়নি। দুই প্যানেলের প্রার্থী আছেন, যাদের মধ্যে হূদ্যতা ছিল। আমরা যতটা আশা করেছিলাম ততটা ভোট পাইনি। ঐ পক্ষের (সালাহউদ্দিনের সম্মিলিত পরিষদ) অনেকেই আমাদের সঙ্গে জড়িত ছিলেন।’

ইত্তেফাক/এসআই