ফজলুল হক স্মৃতি পুরস্কার প্রদান

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২১:১৭

g বিনোদন রিপোর্ট

 

বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃত্ ও প্রথম চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক এবং বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর পরিচালক ফজলুল হকের মৃত্যুবার্ষিকী ২৬ অক্টোবর। ফজলুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘ফজলুল হক স্মৃতি কমিটি’ ২০০৪ সাল থেকে এদিনে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ দিয়ে আসছে। বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুন এই পুরস্কার প্রর্বতন করেন। এ বছর এই পুরস্কার পেয়েছেন চলচ্চিত্র পরিচালনায় মোস্তফা সরয়ার ফারুকী এবং চলচ্চিত্র সাংবাদিকতায় শফিউজ্জামান খান লোদী। ২৬ অক্টোবর ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছরই এক অনাম্বড়র অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার দেওয়া হয়। এ বছর অনিবার্য কারণবশত ২৬ অক্টোবর পুরস্কার প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়নি। এই পুরস্কার প্রদান অনুষ্ঠানটি গতকাল দুপুরে ঢাকার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন সৈয়দ হাসান ইমাম। পুরস্তার প্রাপ্তদের হাতে উত্তরীয়, ক্রেস্ট ও পুরস্কারের অর্থ মূল্য তুলে দেন আকবর হোসেন খান পাঠান, এমপি, আনোয়ারা ও সুজাতা। পুরস্কার প্রদানের পর মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ ফজলুল হকের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন। আরো স্মৃতিচারণ করেন ইমদাদুল হক মিলন, মামুনুর রশীদ, রিয়াজ, ওমর সানী, ফজলুল হক পরিবারের সদস্য কনা রেজা, ফরহাদুর রেজা প্রবাল ও কেকা ফেরদৌসী। অনুষ্ঠানের শুরুতে ফজলুল হকের ওপর শহিদুল আলম সাচ্চু নির্মিত তথ্যচিত্র দেখানো হয়। পুরস্কার গ্রহণ করে শফিউজ্জামান খান লোদী বলেন, ‘চ্যানেল আইতে চলচ্চিত্রবিষয়ক আমার ছবির নামের একটি অনুষ্ঠান ২০০৪ সাল থেকে ২০১৮ পর্যন্ত আমি করেছি। যা চলচ্চিত্রের আর্কাইভ খ্যাত ছিল। যা আমাকে আজকের অবস্থানে এনে দাঁড় করিয়েছে। আমি কৃতজ্ঞ এ অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত সকলের কাছে।’