স্বস্তি মিললো না রিয়া চক্রবর্তীর

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২০:৪৪

বিনোদন ডেস্ক

 

সুশান্ত সিং রাজপুরের মৃত্যু নিয়ে বলিউডে এখনো ঝড় বয়ে যাচ্ছে। খুন না আত্মহত্যা এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা আর তদন্তে বিষয়টি মোড় নেয় মাদকের দিকে। মাদকযোগে একেক একে জড়িয়ে যেতে থাকে অনেক নামিদামী তারকার নাম। সেই তালিকায় যোগ হয় সুশান্তের প্রাক্তন বান্ধবী রিয়া চক্রবর্তীর নাম। আটক হওয়ার পর থেকে জেলেই রয়েছেন এ অভিনেত্রী। একাধিকবার আবেদন করা হলেও আবারো তার জামিনের প্রক্রিয়া আটকে গেল। রিয়া ও তার ভাই শৌভিকের জামিন আবেদন গ্রহণ করেনি আদালত। রিয়া ও শৌভিকের বিচার বিভাগীয় হেফাজত আগামী ২০ অক্টোবর পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিয়েছে মুম্বাইয়ের আদালত। ফলে আপাতত বাইকুল্লা জেলই রিয়ার ঠিকানা! রিয়া ও শৌভিক ছাড়া এই মামলায় নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর গ্রেফতার করা বাকি ১৮ জনের হেফাজতে থাকার মেয়াদও ২০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে আদালত।

উল্লেখ্য, টানা ৩ দিন জেরার পর গত ৯ সেপ্টেম্বর মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) গ্রেফতার করে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীকে। সেদিনই রিয়ার এক দফা জামিনের আর্জি খারিজ হয়ে যায়। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসেই রাত কাটান রিয়া চক্রবর্তী। ১০ সেপ্টেম্বর সকালে এ অভিনেত্রীকে মুম্বাইয়ের বাইকুল্লা জেলে নিয়ে যাওয়া হয়। মাদক কাণ্ডে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয় তাকে।

তবে ১০ সেপ্টেম্বর বিশেষ আদালতে রিয়াকে ফের নির্দোষ দাবি করে জামিনের আবেদন করেন আইনজীবী সতীশ মানশিন্ডে।