স্পোর্টস রিপোর্টার
প্রথম দিনের মতোই দ্বিতীয় দিনে মিরপুরে ঝেঁপে বৃষ্টি নামল। তবে খেলাকে আটকাতে পারেনি বৃষ্টি। বৃষ্টির দাপটে সীমিত ওভারের ম্যাচে পরিণত হওয়া দুই দিনের ম্যাচ জিতে নিয়েছে রায়ান কুক একাদশ। ওপেনার সাদমান ইসলাম ও তামিম ইকবালের দাপুটে ব্যাটিংয়ে ওটিস গিবসন একাদশের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে কুক বাহিনী।
গতকাল বৃষ্টিতে দুপুর পর্যন্ত একদমই খেলা হতে পারেনি। আগের দিনের স্কোরেই ইনিংস ঘোষণা করেছিল গিবসন একাদশ। তাদের রান ছিল ৮ উইকেটে ২৪৮। গতকাল বেলা ১.৩০ মিনিটে খেলা শুরু হয়। তখন ঠিক করে দেওয়া হয় কুক একাদশকে জয়ের জন্য ৪৩ ওভারে ২০০ রান করতে হবে। সাদমানের ৮৩ ও তামিমের ৬৪ রানে সহজেই লক্ষ্য পার করে ফেলে তারা।
ম্যাচশেষে ওপেনার সাদমান বলছিলেন, তারা স্বাভাবিক ব্যাটিং করেই এই ম্যাচটা বের করে এনেছেন। তামিমের সঙ্গে জুটি সম্পর্কে বলছিলেন, ‘তামিম ভাই বলল, তুই তোর নরমাল ব্যাটিং কর। আমিও নরমাল খেলব। দেখবি আরামসে ম্যাচ জিতে যাব। আমরা ভালো একটি জুটি করতে পেরেছি। প্রথম দিকে আমি সময় নিয়ে ব্যাটিং করেছি।’
সাদমানের এটা ছিল ইনজুরি ও করোনার পর লম্বা বিরতিতে ক্রিকেটে ফেরা। সেই ফেরা সম্পর্কে বলছিলেন, ‘আমি লাস্ট খেলেছি ইন্ডিয়ার বিপক্ষে। তারপর তো প্রায় ১০ মাস ক্রিকেট খেলিনি। লম্বা সময় পর খেললাম। এটা আমার জন্য খুব ভালো হয়েছে। মাঝে ভালো অনুশীলন করেছি। সেটা খুব কাজে দিয়েছে। আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছি।’ ২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাদমান ও তামিম ১০৭ রানের জুটি করেন। তামিম ৮০ বলে ৬৪ রান করে ফেরেন। আর সাদমান ৯৯ বলে ৮৩ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর :
ওটিস গিবসন একাদশ : ৭২ ওভারে ২৪৮/৮
রায়ান কুক একাদশ : ৪১.৪ ওভারে ২০১/৪ (সাদমান ৮৩, তামিম ৬৪, মিঠুন ২৪*; নাঈম ২/৪৯, মোসাদ্দেক ১/২১, রুবেল ১/৩৩)।
ফল :রায়ান কুক একাদশ ৬ উইকেটে জয়ী
