লিগের নামে টুর্নামেন্ট করা যাবে না জেলায়

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২০:৫৭

স্পোর্টস রিপোর্টার

জেলা ফুটবল নিয়ে বাফুফে এবার কঠোর অবস্থানে যাচ্ছে। যেসব জেলায় লিগ নাম দিয়ে টুর্নামেন্ট হয় সেটি বন্ধ করার জন্য বাফুফে কঠিন পদক্ষেপ গ্রহণ করবে। দেশের অনেক জেলায় নামকাওয়াস্তে খেলা হয়। বাফুফে টাকা দিলেও সেটির সঠিক ব্যবহার হয় না। অনেক জেলার বিপক্ষে এমন অভিযোগ শোনা যায়। লিগ আয়োজন করতে বাফুফে যেটুকু অর্থ সহায়ত দিয়ে থাকে তা দিয়ে খেলা আয়োজন করা পুরোপুরি সম্ভব না হলেও নিজ উদ্যোগে অর্থ সংগ্রহ করে খেলা আয়োজন করতে হয়। কিন্তু বেশির ভাগ জেলা হাত-পা গুটিয়ে রাখে। জেলার সংগঠকদের আরো সক্রিয় হওয়ার জন্য তাগিদ দিচ্ছে বাফুফে। বিশেষ করে লিগ আয়োজনের নামে টুর্নামেন্ট শেষ করে অনেক জেলা। এমনও অভিযোগ রয়েছে খেলাই হয়নি। তার পরও কোথাও থেকে খেলার ছবি সংগ্রহ করে বাফুফেতে পাঠিয়ে জানিয়ে দেওয়া হয় তারা সুষ্ঠু-সুন্দরভাবে লিগ আয়োজন করেছে। তাদেরই আরেকটি পক্ষ বাফুফেতে জানিয়ে দেয় খেলা হয়নি। বাফুফে সত্যতা জানতে খোঁজ নিয়ে দেখে খেলা হয়নি। প্রমাণপত্র যা কিছু পাঠিয়েছে তার সবই মিথ্যা। এদের মধ্যে কিছু জেলা বাফুফের দিকে না তাকিয়ে নিজেদের উদ্যোগে খেলা আয়োজন করে। ময়মনসিংহ, সিলেট, যশোরসহ একাধিক জেলা মাঠে ফুটবল রাখতে চেষ্টা করছে বলে বাফুফের একটি সুত্রের দাবি। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছে তারা এবার জেলাগুলোর দিকে কঠোর হচ্ছেন। লিগ নাম দিয়ে টুর্নামেন্ট করা যাবে না। সোহাগ বলেন, ‘১০টা দলকে দুই ভাগ করে গ্রুপ পর্বের খেলা আয়োজন করে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল। এটা তো লিগ হলো না।’ এখান থেকে জেলাগুলোকে বেরিয়ে আসার অনুরোধ সোহাগের।

অন্য আরেকটি সূত্রের দাবি, কিছু কিছু জেলা রয়েছে বাফুফে টাকা দিলে তারা লিগ আয়োজন করে। লিগের কথা বলে টুর্নামেন্ট করবে। গত ১৬ নভেম্বর জেলাগুলোকে টাকা দেওয়া হলেও করোনার কারণে অনেকেই খেলা আয়োজন করতে পারেনি। বাফুফে বলছে, গত সাত-আট বছরে সবচেয়ে বেশি জেলায় লিগ হয়েছে ২০১৯ সালে। ৫৫টি জেলায় খেলা হয়েছে।