হ্যামস্ট্রিংয়ের চোটে হাসান মাহমুদ

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২০:৫৮

স্পোর্টস রিপোর্টার

প্রথম প্রস্তুতি ম্যাচে তীব্র গতির বলে উপড়ে ফেলেছিলেন মুশফিকুর রহিমের অফ স্ট্যাম্প। হেড কোচ রাসেল ডমিঙ্গো, বোলিং কোচ ওটিস গিবসনও তরুণ পেসার হাসান মাহমুদের প্রশংসায় পঞ্চমুখ। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দ্বিতীয় দুই দিনের প্রস্তুতি ম্যাচে দেখা গেল না এই ডানহাতি পেসারকে।

এমনকি ১১ অক্টোবর শুরু হতে চলা ত্রিদলীয় ওয়ানডে সিরিজেও হাসানের অংশগ্রহণ অনিশ্চিত। চোটের অবস্থা জানতে গতকালই তার পায়ের স্ক্যান করা হয়েছে। আজ রিপোর্ট দেখেই স্পষ্ট হবে এই চোটের কারণে হাসানকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে এবং ওয়ানডে সিরিজে খেলতে পারবেন কি, পারবেন না।

হাসানের চোট নিয়ে বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী গতকাল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ওর ব্যথাটা হ্যামস্ট্রিংয়ে। আজ (গতকাল) স্ক্যান করাব। কোনো আঘাত ও ঠিক ঐভাবে পায়নি। আমরা ধারণা করছি ওর ব্যথাটা কিছুদিন ধরেই হচ্ছিল। কিন্তু গতকাল ৪ ওভার বোলিং করার পরে বেড়েছে। যেহেতু এখনো তরুণ, তাই আগে থেকেই ওকে সরিয়ে ফেলেছি। ওর স্ক্যান রিপোর্ট করার পরে বোঝা যাবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে।’