পোশাক খাতে রপ্তানি
ইত্তেফাক রিপোর্ট
পোশাক খাতে রপ্তানি মূল্যের একটি অংশ শ্রমিক কল্যাণ তহবিলে জমা হওয়ার কথা। অনেক ব্যাংকই সে নির্দেশনা মানছে না। এজন্য কল্যাণ তহবিলের অর্থ কেটে রাখার জন্য ব্যাংকগুলোকে আবারও নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ নির্দেশনা দেওয়া হয়। শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পপ্রতিষ্ঠানের লিয়েন ব্যাংকে যেসব এলসি নগদায়ন করা হবে তা থেকে মোট রপ্তানি মূল্যের শতকরা তিন পয়সা কর্তনপূর্বক সোনালী ব্যাংকের রমনা করপোরেট শাখায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, শতভাগ রপ্তানিমুখী শিল্পকারখানায় কর্মরত কোনো শ্রমিক কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত কারণে অথবা পেশাগত দায়িত্ব পালনকালে রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে অথবা পরবর্তী সময়ে মৃত্যু ঘটলে অথবা কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত কারণে অথবা পেশাগত দায়িত্বরত অবস্থায় রোগে আক্রান্ত হয়ে স্থায়ী অক্ষমতা ঘটলে সংশ্লিষ্ট শ্রমিক বা তার উপযুক্ত উত্তরাধিকারীকে ৩ লাখ টাকা অনুদান প্রদান করা হয়। কোনো শ্রমিক চাকরিরত অবস্থায় অসুস্থ হয়ে বা কর্মক্ষেত্রের বাইরে কোনো দুর্ঘটনায় মৃত্যুবরণ অথবা স্থায়ীভাবে অক্ষম হয়ে গেলে তিনি বা তার উপযুক্ত উত্তরাধিকারীকে ২ লাখ টাকা; কোনো শ্রমিক কর্মকালীন দুর্ঘটনায় পতিত হয়ে অঙ্গহানি ঘটলে যা স্থায়ী অক্ষমতার কারণ নয় তাহলে তাকে অনধিক ১ লাখ টাকা প্রদান করা হয়।
