প্রশ্নটা অদ্ভুত মনে হলেও গ্রামের মানুষের কাছে তা চিরন্তন সত্য। আমি নিজেও গ্রামীণ পরিবেশে বড় হয়েছি বলেই এ নিয়ে লিখতে বসেছি। কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে গ্রামে। মেঘের ডাকের সঙ্গে সঙ্গে বিদ্যুত্ যেন হাওয়াই মিঠাইয়ের মতো মিলিয়ে যায়! আর বিদ্যুত্ আসা যেন কলম্বাসের আটলান্টিক মহাসাগর যুগে আমেরিকা আবিষ্কারের মতো! মাঝে মাঝে মনে হয়, নাকি করোনা প্রভাব পড়েছে বিদ্যুতে। কেনই বা মনে হবে না যখন দেখি সারা রাত বিদ্যুত্ নেই, দুপুরে সামান্য আসে আর বিকালে খানিকটা সময়। এই অভিজ্ঞতা শুধু আমার একার না, প্রতিটি গ্রামের মানুষের কাছে চিরচেনা একটি বিষয়। তাহলে কি গ্রামে বৃষ্টি মানেই লোডশেডিং? গ্রামের মানুষ কষ্ট সহ্য করতে ভালোবাসে আর পল্লীবিদ্যুতের কর্মকর্তারা গ্রামবাসীদের কষ্ট দিতে ভালোবাসে। কষ্ট দেওয়া ও কষ্ট সহ্য করা এক অপার মেলবন্ধন সৃষ্টি করেছে! যেন চিরকালের দেবদাস-পার্বতী, অমিত-লাবণ্য, লাইলি-মজনু, শিরি-ফরহাদের ভালোবাসার চেয়ে বড় এই মেলবন্ধন।
শেখ সায়মন পারভেজ হিমেল
বিভাগীয় সদস্য,
সার্চ মানবাধিকার সোসাইটি,
ময়মনসিংহ বিভাগ
