কিরগিজস্তানে ক্ষমতা দখলের দাবি বিরোধীদের

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২২:৪৬

কিরগিজস্তানে ক্ষমতা দখলের দাবি করেছেন বিরোধীরা। নির্বাচন-পরবর্তী বিক্ষোভের মাধ্যমে তারা সরকারি বিভিন্ন ভবন দখল করেছেন বলে দাবি করেছেন। যদিও প্রেসিডেন্ট দাবি করেছেন, অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা চলছে। নির্বাচন কমিশন গত রবিবারের নির্বাচনের ফল বাতিল করেছে এবং খুব দ্রুত নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে। খবর রয়টার্সের

বিক্ষোভকারীরা গতকাল মঙ্গলবার সকালে প্রেসিডেন্ট প্রাসাদের প্রধান ফটক ভেঙে ফেলে। ঐ প্রাসাদ কম্পাউন্ডে দেশটির নিরাপত্তা বিভাগের সদর দপ্তর অবস্থিত। বিক্ষোভকারীদের আক্রমণের মুখে নিরাপত্তা প্রহরীর অবস্থান ছেড়ে চলে যায়। প্রেসিডেন্ট প্রাসাদের কম্পাউন্ডে অবস্থিত অন্য কয়েকটি ভবনে বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেয়। তারা বিভিন্ন ফাইল বাইরে ছুড়ে মারে। স্বরাষ্ট্রমন্ত্রীও গতকাল অফিস করেননি। প্রধানমন্ত্রীকেও            কয়েক দিন দেখা যায়নি। এছাড়া কিরগিজস্তানের সাবেক প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভকে বিক্ষোভকারীরা কারাগার থেকে মুক্তি দেয়। দুর্নীতির অভিযোগ এনে গত আগস্টে তাকে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল।

এদিকে প্রেসিডেন্ট সুরোনবাই কোথায় আছেন তা পরিষ্কার নয়। অবশ্য রুশ বার্তা সংস্থা স্পুটনিক জানিয়েছে, প্রেসিডেন্ট রাজধানী বিশকেকেই আছেন। চলমান বিক্ষোভ কর্মসূচি এবং পার্লামেন্ট ভবন দখলের জন্য সাবেক প্রেসিডেন্ট আলমাজবেককে দায়ী করেছেন তিনি। বিরোধীরা একটি সমন্বয় পরিষদও গতকাল গঠন করেছেন। চীনের প্রতিবেশী কিরগিজস্তানের প্রধান মিত্র রাশিয়া। দেশটিকে নিয়ে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। গত ১৫ বছরে বিক্ষোভের মুখে দুই জন প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত হয়েছেন।