অধ্যাপক হাসান আব্দুল কাইয়ূম আর নেই

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২২:৫২

বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, দ্বারিয়াপুর দরবার শরিফের পির, মুক্তিযোদ্ধা, প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক হাসান আব্দুল কাইয়ুম ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৭ বছর। আজ বাদ জোহর মাগুরার শ্রীপুরের দ্বারিয়াপুর দরবার শরিফে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

অধ্যাপক হাসান আব্দুল কাইয়ুম ১৯৪৪ সালের ৩০ এপ্রিল মাগুরা জেলার শ্রীপুর থানার দ্বারিয়াপুরে পির পরিবারে জন্মগ্রহণ করেন। উপমহাদেশের অন্যতম পিরে কামেল হজরত মাওলানা শাহ সুফি তোয়াজউদ্দিন আহমেদ (র.) তার বাবা। ১৯৭০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে তিনি এম এ ডিগ্রি লাভ করেন। তিনি হামিদুর রহমান শিক্ষা কমিশনবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে শরিক হন। এজন্য গ্রেফতারও হয়েছিলেন। এছাড়া প্রগতিশীল ছাত্র আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

অধ্যাপক কাইয়ুমের পেশাগত জীবন শুরু হয় কলেজে অধ্যাপনার মধ্য দিয়ে। তিনি ঢাকার হাবীবুল্লাহ বাহার কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অধ্যাপনা করেন। ইসলামিক ফাউন্ডেশনের সাবেক এই পরিচালক ফাউন্ডেশনের সাপ্তাহিক অগ্রপথিক, ইসলামিক ফাউন্ডেশন পত্রিকা, শিশু পত্রিকা সপ্তডিংগা ও সাহিত্য সাময়িকী ঐতিহ্যের সম্পাদক ছিলেন। তিনি ইত্তেফাকসহ দেশের বেশ কয়েকটি জাতীয় পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন। তার ৩ হাজারেরও অধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তার রচিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—মজলুম জননেতা মওলানা ভাসানী, খোকা-খুকুর ছড়া ও প্রসঙ্গ ইসলাম। —সংবাদ বিজ্ঞপ্তি।