১৪ শিশু আসামির বিষয়ে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২২:৫৩

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় পুলিশের দেওয়া চার্জশিটের দ্বিতীয় খণ্ডে থাকা ১৪ শিশু আসামির বিষয়ে দ্বিতীয় দিনের মতো গতকাল মঙ্গলবার রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। গত সোমবার ছিল রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের প্রথম দিন। শিশু আদালতের বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান আসামিদের দোষী সাব্যস্ত করে বক্তব্য দেন। আজ বুধবার শিশুদের পক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবেন।

শিশুপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পরে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা শিশুপক্ষের দেওয়া যুক্তিতর্ক খণ্ডন করার সুযোগ পাবেন। এর পর আদালতের বিচারক এ মামলার রায়ের দিন ধার্য করবেন। বর্তমানে এ মামলার অভিযোগপত্রের দ্বিতীয় খণ্ডের শিশু আসামিদের মধ্যে আট জন শিশু জামিনে রয়েছে। বাকি ছয় জন বরগুনা জেলা কারাগারের শিশু ওয়ার্ডে রয়েছে বলে কারাগার সূত্রে জানা গেছে।