ধর্ষণ বন্ধে অবিলম্বে শরিয়াহ বোর্ড গঠনের দাবি ইসলামী দলগুলোর

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ০০:২০

নারী ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার রাজধানীতে বিভিন্ন ইসলামী দল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। তাদের দাবি, নারীর মর্যাদা রক্ষায় বিজ্ঞ আলেমদের দিয়ে অবিলম্বে শরিয়াহ বোর্ড গঠন করতে হবে। নারীকে নিরাপদে রাখতে না পারলে ব্যক্তি, দেশ, জাতি, সমাজ ও সংসার কিছুই নিরাপদ নয়। নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধে শরিয়াহ বোর্ড কায়েম করে অপরাধে জড়িতদের কোরআনের আইনে দ্রুত বিচার কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী এক বিবৃতিতে বলেন,পর্দা নারীর মৌলিক অধিকার। পর্দাতেই নারী সর্বাধিক নিরাপদ। নারীকে নিরাপদে রাখতে পারলে তখন ব্যক্তি, দেশ, জাতি ও সমাজ, সংসার সবকিছুই নিরাপদ।

গতকাল বিকালে রাজধানীর কামরাঙ্গীরচরে বাংলাদেশ খেলাফত আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, ধর্ষকদের দ্রুত কঠিন বিচার না হওয়ার কারণে নতুনভাবে সারা দেশে প্রতিদিন নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে নারীর মর্যাদা রক্ষায় প্রয়োজনে বিজ্ঞ আলেমদের দিয়ে শরিয়াহ বোর্ড গঠন করার দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ। মানববন্ধনে বক্তারা বলেন, নোয়াখালীর এই ঘটনাটি আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে।