অভিজ্ঞতা, জ্ঞান, তথ্য এবং ধারণা ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে সমন্বিতভাবে ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ব্যাপারে নানা উপায় নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। সম্প্র্রতি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই আলোচনা হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশ আশা করে যে, মার্কিন সরকার স্যাটেলাইট বা অন্য প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশকে মাছ/সামুদ্রিক খাবার প্রক্রিয়াজাতকরণের ব্যাপারে প্রযুক্তিগত সহায়তা করবে। আলোচনায় ২০১৯ সালে সমুদ্র অর্থনীতির ওপর ভারত মহাসাগরের পাশের দেশগুলোর সঙ্গে মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করে যুক্তরাষ্ট্র। উভয়পক্ষ বিজ্ঞান, আধুনিক ব্যবস্থাপনা, কার্যকর কার্যকরকরণ, সত্যিকারের অংশীদার ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে সমুদ্র অর্থনীতির সম্ভাবনা কাজে লাগানোর ওপর বেশি ?গুরুত্বারোপ করেছে।
অন্যদিকে টেলিযোগাযোগের সুরক্ষা নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দেশব্যাপী তার ফোর-জি সেবা সম্প্রসারিত করছে এবং নেটওয়ার্ক ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে ফাইভ-জি সেবায় উন্নীত করার পর্যায়ে রয়েছে। বৈঠকের অংশগ্রহণকারীরা সুরক্ষিত এবং নির্ভরযোগ্য নেটওয়ার্কের ওপর ভিত্তি করে আন্তঃসীমান্তের তথ্য এবং তথ্য প্রবাহকে সহজতর করার জন্য একটি উদ্ভাবনী ডিজিটাল ইকোসিস্টেমের গুরুত্বকেও স্বীকৃতি দিয়েছে। ভার্চুয়াল ঐ বৈঠকে যুক্তরাষ্ট্রের হয়ে অংশ নেন তাদের অর্থনীতি, প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশবিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট নেথ ক্র্যাচ এবং বাংলাদেশের পক্ষে অংশ নেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
