আজারবাইজান-আর্মেনিয়া সংঘাত বন্ধের আহ্বান পুতিনের

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ২০:৫৩

বিতর্কিত নাগোরনো-কারবাখ অঞ্চলে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নৃতাত্ত্বিক আর্মেনীয় ও আজেরি বাহিনীর মধ্যকার এই সংঘাতকে গতকাল বুধবার বিপর্যয় আখ্যা দিয়েছেন তিনি। বলেছেন, পার্বত্য উপত্যকাটির সর্বশেষ পরিস্থিতি নিয়ে মস্কো উদ্বেগে রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

নাগোরনো-কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভেতরে হলেও আর্মেনিয়া সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে তা নিয়ন্ত্রণ করছে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। ১৯৮০-এর দশকের শেষ দিকে অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘাত শুরু হয়। ১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের মুহূর্তে সংঘর্ষ চূড়ান্ত আকার ধারণ করে। ১৯৯৪ সালে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আগ পর্যন্ত এই সংঘর্ষে ৩০ হাজার মানুষ নিহত হয়। ২০১৬ সালের শুরুতে আবার সংঘাতে জড়ায় দুই পক্ষ। সর্বশেষ  ২৭ সেপ্টেম্বর  থেকে নতুন করে সংঘাত শুরু হয়েছে।

গতকাল বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাত্কারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘এই (সংঘাত) একটা বিপর্যয়। আমরা খুবই উদ্বিগ্ন। আমরা আশা করি খুব দ্রুত এই সংঘাতের অবসান ঘটবে।’ যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও রাশিয়ার সমন্বয়ে গঠিত একটি মধ্যস্থতাকারী গ্রুপ নাগোরনো-কারাবাখ অঞ্চলের সংঘাতে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও যুদ্ধরত পক্ষগুলো তাতে রাজি হয়নি। এছাড়া আর্মেনিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি রয়েছে রাশিয়ার। দেশটিতে মোতায়েন রয়েছে রুশ সেনা ও যুদ্ধবিমান। তবে ঐ চুক্তি নাগোরনো-কারাবাখ অঞ্চলের জন্য কার্যকর নয়।