বড় ধাক্কা খেল আর্জেন্টিনা ফুটবল দল। ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্ব শুরুর আগে চোট পেয়ে লিওনেল স্ক্যালোনির দল থেকে ছিটকে গেছেন গোলরক্ষক হুয়ান মুসো ও মিডফিল্ডার জিওভানি লো সেলসো। বিশ্বকাপের বাছাইপর্বে আর্জেন্টিনা মাঠে নামবে আগামীকাল শুক্রবার ভোর ৬টা বেজে ১০ মিনিটে। প্রতিপক্ষ ইকুয়েডর। এর পাঁচ দিন পর বলিভিয়ার মুখোমুখি হবে দুবারের চ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) অফিসিয়াল ওয়েবসাইটে মঙ্গলবার এক বিবৃতিতে খবরটি জানানো হয়। তবে, সংস্থাটির পক্ষ থেকে এখনো কোনো বদলি ঘোষণা করা হয়নি। তারা না থাকলেও থাকছেন লিওনেল মেসি, বার্সেলোনা ছাড়া বিষয়ক বিতর্কের অবসানের পর এবারই প্রথম আর্জেন্টিনার হয়ে মাঠে নামবেন ৩৩ বছর বয়সি এই তারকা।
এবারো মেসিকে ঘিরেই পরিকল্পনা সাজাচ্ছেন কোচ স্ক্যালোনি। তিনি বলেন, ‘মেসির সামনে এমন দুজন খেলোয়াড় লাগবে যারা মেসির কাছ থেকে বলের জোগান পাবেন।’
সিরি ‘এ-র আর দল উদিনেসে খেলা মুসো সোমবার অনুশীলনের সময় ডান পায়ের হাঁটুতে চোট পান। আর লো সেলসো বাম ঊরুর মাংসপেশিতে চোট পান ক্লাব টটেনহ্যাম হটস্পারে থাকার সময়েই। সোমবার তাই তিনি অনুশীলন করতে পারেননি।
বদলি জানানো না হলেও আর্জেন্টিনার গণমাধ্যমগুলো বলছে, তাদের জায়গায় দেখা যেতে পারে লা লিগার দল কাদিসের গোলরক্ষক হেরেমিয়াস লেদেসমা ও বায়ার লেভারকুসেনের মিডফিল্ডার এসেকিয়েল পালাসিওসকে।
এদিকে মেসির মাঠে নামার একদিন পরেই মাঠে নামবেন নেইমার। শনিবার বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ বলিভিয়া।
