বাংলাদেশে তৈরি শুকনো খাবারের চাহিদা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। প্রবাসী বাংলাদেশিরা এসব খাবারের মূল ক্রেতা হলেও তার প্রতি আগ্রহ রয়েছে বিদেশিদেরও। বাংলাদেশ থেকে শুকনো খাবার হিসাবে যেসব পণ্য রপ্তানি হয় তার মধ্যে রয়েছে—মুড়ি, চিড়া, চানাচুর, আলুর চিপস, বিস্কুট, খই প্রভৃতি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের (২০২০-২১) প্রথম তিন মাসে ৭ কোটি ৮৪ লাখ ডলারের শুকনো খাবার রপ্তানি হয়েছে। স্থানীয় মুদ্রায় এর পরিমাণ ৬৬৬ কোটি ৪০ লাখ টাকা, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৮৬ দশমিক ১৩ শতাংশ বেশি। আর গড় তিন মাসের রপ্তানির নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৪৭ দশমিক ৯০ শতাংশ বেশি। দেশে তৈরি শুকনো খাবার বেশি রপ্তানি হয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।
