করোনাকালে নতুন প্রণোদনার দাবি বাতিল ট্রাম্পের

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ২২:৪০

করোনা ভাইরাস মহামারির সময়ে নতুন প্রণোদনার দাবি বাতিল করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ নিয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনাও স্থগিত করার নির্দেশ দিয়েছেন। তিনি নির্বাচনের পর এ বিষয়ে নতুন করে চিন্তাভাবনা করবেন বলে জানিয়েছেন। এদিকে বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প করোনা ভাইরাস মুক্ত না হলে তার সঙ্গে বিতর্কে অংশ নেওয়া ঠিক হবে না। খবর সিএনএন ও ডয়চেভেলের

করোনার কারণে বেকার হয়ে পড়া মার্কিনিদের আর্থিক সহায়তা দিতে নতুন প্রণোদনা প্যাকেজের দাবি করেছিলেন ডেমোক্র্যাটরা। এ নিয়ে গত কয়েক মাস ধরে আলোচনা    চলছে। কিন্তু মঙ্গলবার হঠাত্ করেই প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকটি টুইটার বার্তায় এই দাবি প্রত্যাখ্যান করেন। তিনি বলেছেন, ‘আমি সমঝোতার প্রক্রিয়া স্থগিত করার নির্দেশ দিয়েছি। নির্বাচনে জেতার পর তাত্ক্ষণিকভাবে বড় ধরনের প্যাকেজ ঘোষণা করব এবং কঠোর পরিশ্রমী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেওয়া হবে’। তার এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি বিস্মিত হয়েছেন বাণিজ্যমন্ত্রী স্টিভ মনুচিন এবং প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।

ট্রাম্প জানিয়ে দেন, ডেমোক্র্যাটদের সঙ্গে আপাতত আলোচনার প্রয়োজন নেই। পেলোসি সংকীর্ণ স্বার্থে এই প্রণোদনা নিয়ে আলোচনা করছেন এই অভিযোগ করে ট্রাম্প বলেন, ডেমোক্র্যাট রাজ্যগুলোতে অন্যায়ভাবে অর্থ খরচের জন্যই ঐ প্রণোদনা চাওয়া হচ্ছে। ট্রাম্পের এই ঘোষণার পরে তাকে তীব্র আক্রমণ করে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন, এটাই ট্রাম্পের কাছ থেকে প্রত্যাশিত। বাইডেন আরো জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প করোনা ভাইরাস থেকে মুক্ত না হওয়া পর্যন্ত তার সঙ্গে বিতর্কে অংশ নেওয়া উচিত হবে না।