লালবাগে শিশু রিফাত হত্যার দায়ে এক আসামির যাবজ্জীবন

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ০০:০০

পুরান ঢাকার লালবাগে ছয় বছরের শিশু রিফাতকে অপহরণ শেষে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় আরিফুর রহমান জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ঐ দণ্ডের পাশাপাশি তাকে ৩ লাখ টাকার অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই টাকা ভিকটিমের পরিবারকে দিতে বলা হয়েছে। এই অর্থ না দিলে তাকে আরো এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুন্সী রবিউল আলম গতকাল বুধবার এই রায় ঘোষণা করেন। এদিকে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি ইকবাল মুন্সি ওরফে মেকার ইকবাল ও হাবিবুর রহমানকে খালাস দিয়েছে আদালত।

রায়ে অসন্তোষ প্রকাশ করে বাদীপক্ষের আইনজীবী আবদুর রশীদ মোল্লা বলেন, আমরা ন্যায়বিচার পাইনি। ভিকটিমের বাবার সঙ্গে আলাপ করে উচ্চ আদালতে আপিল করব। আশা করছি, সেখানে ন্যায়বিচার পাব।

২০১৫ সালের ৯ জুন টেনিসবল এবং ফুটবল দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশু আরিফুর রিফাতকে তার ঘরে নিয়ে যায়। পরে ফলের জুসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে আটকে রাখে। পরবর্তী সময়ে মুক্তিপণের ১০ লাখ টাকা না পেয়ে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় রিফাতের বাবা ১১ জুন মামলাটি দায়ের করেন।