সরকারের ছত্রছায়ায় ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন : ফখরুল

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ০০:০৪

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের মতো ঘটনাগুলো এ সরকারের ছত্রছায়ায় অব্যাহত রয়েছে। শুধু ধর্ষণ বা যৌন নির্যাতন বেড়ে যাওয়া নয়, একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলার অবনতি হয়েছে এবং দেশ অর্থনৈতিকভাবেও ধ্বংস হয়েছে। মা-বোনদের ওপর নির্যাতন সারা দেশে ছড়িয়ে পড়েছে। নারীর শ্লীলতাহানি, নারীর ওপর নির্যাতন এটা এখন এ সরকারের নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। আপনারা (সরকার) ব্যর্থ। আপনারা পদত্যাগ করুন। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির ধর্ষণবিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন। এ সময় আরো বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ। মির্জা ফখরুল বলেন, আমাদের এখন আর চুপ করে বসে থাকার উপায় নেই। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই মহাদানবকে প্রতিহত করতে হবে। করোনা মহামারির শুরু থেকে এ সরকারের ব্যর্থতা আড়াল করতে তারা ভিন্ন দিকে মানুষের চোখ সরিয়ে নিচ্ছে। আজকে এই দেশে সবচেয়ে অসহায় অবস্থায় আছেন আমাদের মা-বোনেরা। প্রতি মুহূর্তে তারা নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত।