বাংলাদেশের সঙ্গে বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদারে ঢাকায় বৈদেশিক বাণিজ্যিক সেবা অফিস খুলছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে বাংলাদেশ সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের নীতি নির্ধারকদের আলোচনা হয়েছে। ওয়াশিংটনের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ঢাকা।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার লক্ষ্যে একটি ভার্চুয়াল বৈঠকে হয়। ওই বৈঠকে অংশগ্রহণকারীরা বলেন যে, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ উভয়েরই একটি মুক্ত, অবাধ, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্বপ্ন রয়েছে, যেখানে সকলের সমৃদ্ধি নিশ্চিত হবে। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই লক্ষ্য অর্জনে দুই দেশ একত্রে কাজ চালিয়ে যাবে। কোভিড-১৯ মহামারীর ফলে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক বাধা-বিঘ্ন অতিক্রম করার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার প্রতি গুরুত্বারোপ করেন। সভায় বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল নীতিমালা, সমুদ্রভিত্তিক অর্থনীতিতে সহায়তা, সযোড় জোরদারসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়।
