শ্রীমঙ্গলে তৃতীয় দিনের মতো অবস্থান ধর্মঘটসহ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন চা-শ্রমিকরা। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন চা-বাগান থেকে মিছিল নিয়ে শহরের চৌমুহনা চত্বরে অবস্থান নেন শ্রমিকরা। মজুরি বৃদ্ধিসহ নতুন চুক্তি সম্পাদন ও বাস্তবায়নের দাবিতে এ ধর্মঘট করা হয়। বিক্ষোভ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। চা-শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা জানান, আমাদের ন্যায্য মজুরির দাবিতে চা-বাগানমালিক পক্ষের সঙ্গে বারবার আলোচনায় বসেছি। কিন্তু মালিকপক্ষ তা আমলে না নিয়ে কালক্ষেপণ করে ন্যায্য অধিকার হতে বঞ্চিত করছে। অধিকার আদায়ে গত ৬ অক্টোবর আন্দোলনে নেমেছি। বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী বলেন, ২০১৮ সালের ৩১ ডিসেম্বর মালিকপক্ষের সঙ্গে আমাদের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এখনও নতুন চুক্তি হয়নি।
