পালিয়ে যাওয়ার সময় শিশু ধর্ষণে অভিযুক্ত যুবক গ্রেফতার

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২১:১৮

সাতক্ষীরার আশাশুনিতে সাত বছরের শিশু ধর্ষণ মামলার আসামি তরিকুল ইসলামকে (১৮) ভারতে পালিয়ে যাওয়ার সময় বুধবার রাতে সুন্দরবন এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার সাতক্ষীরা সিআইডির বিশেষ পুলিশ সুপার আনিচুর রহমান নিজ কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বলেন, বারবার স্থান বদল শেষে শিশু ধর্ষণে অভিযুক্ত তরিকুল ভারতে পালিয়ে যাচ্ছে খবর পেয়ে বুধবার রাত সাড়ে ১১টায় শ্যামনগরের কাশিমাড়ি গ্রামের সুন্দরবনের কাছের একটি এলাকায় সিআইডির দুইটি টিম অভিযান চালিয়ে গ্রেফতার করে। তরিকুলের বাড়ি আশাশুনির শ্রীউলা ইউনিয়নের নাসিমাবাদ গ্রামে। সিআইডির প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করে। বৃহস্পতিবার দুপুরে তরিকুলকে আশাশুনি থানায় হস্তান্তর করা হয়েছে।