আর্জেন্টিনার মতো ব্রাজিল দলও চোটের কবলে। আগেই ছিটকে গেছেন এলিসন বেকার ও গ্যাব্রিয়েল জেসাস। শঙ্কা আছে নেইমারকে নিয়েও। এসব সমস্যার মধ্যেই আগামীকাল শনিবার সকালে বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে। নিজেদের মাঠে খেলবে কোচ তিতের দল।
পিএসজি তারকা নেইমার গত বুধবার অনুশীলন সেশন থেকে কিছুটা আগেই বেরিয়ে যান। কারণ কোমরে ব্যথা। যে কারণে অনিশ্চিত হয়ে পড়েছে বলিভিয়ার বিপক্ষে তার খেলাও।
সেলেসাওদের দলীয় ডাক্তার রদ্রিগো লাসমার অবশ্য জানাচ্ছেন, বলিভিয়ার বিপক্ষে তার খেলা নিয়ে সিদ্ধান্ত আসবে আরো পরে। তিনি বলেন, ‘নেইমার আজকের অনুশীলনে কোমরে ব্যথা অনুভব করেছেন। এ কারণে অনুশীলন থেকে সরিয়ে নিয়েছে নিজেকে। শারীরিক থেরাপি দেওয়া শুরু হয়েছে তাকে। আমরা আজ সাও পাওলোয় যাচ্ছি, এবং সে চিকিত্সা ও ব্যবস্থাপত্রের অধীনেই থাকবে।’
এরপর গতকাল ব্রাজিল ফুটবলের দেওয়া ছবিতে দেখা যায় সর্বশেষ অনুশীলনে ছিলেন না নেইমার। সঙ্গত কারণেই আগামীকাল সকালের ম্যাচে নেইমারের না খেলার শঙ্কা আরো প্রবল হয়েছে।
এদিকে চোট সমস্যাতেই আরো দুই নিয়মিত মুখকে পাচ্ছেন না কোচ তিতে। অ্যাস্টল ভিলার বিপক্ষে ম্যাচের আগেই অনুশীলনে কাঁধে চোট পেয়েছিলেন গোলরক্ষক এলিসন। ফলে বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচে তো খেলতে পারবেনই না, থাকবেন না এভারটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচেও।
হ্যামস্ট্রিংয়ে চোট ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড জেসাসকেও ছিটকে দিয়েছে ব্রাজিল দল থেকে। ২০২২ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াই শুরুর আগে সেলেসাওদের পথটা কিছুটা বন্ধুরই হয়ে উঠেছে তাই।
