আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার দায়ে বিএনপির ‘টপ-টু-বটম’ পদত্যাগ করা উচিত। গতকাল বৃহস্পতিবার ওবায়দুল কাদের সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত অনলাইন সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘বিএনপি নেতাদের চরম ব্যর্থতায় কর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়ছে। কখনো ঈদের পর, কখনো বর্ষার পর, আবার কখনো এসএসসি পরীক্ষার পর তাদের আন্দোলন হবে। কত ঈদ গেল, কত পরীক্ষা গেল, বর্ষা গেল কিন্তু বিএনপির আন্দোলন আর হলো না। তাদের আন্দোলন মুখে-মুখে প্রেস ব্রিফিং-এ আর ফেসবুক স্ট্যাটাসে সীমাবদ্ধ। এদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে ব্যর্থ বিরোধী দল বিএনপি।’
‘সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই’ মর্মে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কথাগুলো বলেন। তিনি আরো বলেন, বিএনপি দেশে-বিদেশে যেখানেই সরকারবিরোধী ষড়যন্ত্র করুক না কেন, সেই সম্পর্কে সরকার সজাগ। সম্প্রতি নারীর প্রতি অবমাননা এবং সহিংসতার বিষয়ে আওয়ামী লীগ ও সরকার নিজস্ব অবস্থান স্পষ্ট করেছে জানিয়ে তিনি বলেন, নোয়াখালীর ঘটনাসহ প্রতিটি ঘটনায় অভিযুক্তদের তাত্ক্ষণিক গ্রেফতার করে বিচারের আওতায় আনা হয়েছে। এসব ঘৃণ্য অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না, দলীয় পরিচয় তাদের রক্ষার ঢাল হতে পারে না।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, অপরাধী ও খুনীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া, পুনর্বাসন করা আর ষড়যন্ত্র বিএনপির রাজনৈতিক সংস্কৃতি।
