এমসি কলেজ হোস্টেলে ধর্ষণ

এবার অস্ত্র মামলায় সাইফুর রিমান্ডে

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২২:২৩

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার পর অভিযান চালিয়ে ছাত্রাবাস থেকে অস্ত্র উদ্ধার মামলায় একমাত্র আসামি সাইফুর রহমানকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুর রহমান এ আদেশ দেন। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের এপিপি খোকন কুমার দত্ত।

এর আগে কলেজের ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার মামলায় প্রধান আসামি সাইফুরকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ। রিমান্ড শেষে গত ২ অক্টোবর সাইফুর ধর্ষণের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। পরে আদালত তাকে কারাগারে পাঠায়।

গত ২৫ সেপ্টেম্বর এমসি কলেজ এলাকায় প্রাইভেট গাড়িতে স্বামীর সঙ্গে বেড়াতে গেলে ছাত্রলীগ ক্যাডাররা স্বামীকে বেঁধে  রেখে ঐ নারীকে ধর্ষণ করে। ঘটনার পর মধ্যরাতে ছাত্রাবাসে অভিযান চালিয়ে পুলিশ সাইফুরের রুম থেকে পাইপগান,  রামদা, লোহার পাইপসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করে। পর দিন শনিবার সাইফুরকে আসামি করে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করে।