সরকারি বিএম কলেজে হামলায় ঘটনায় আটক ৪

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২২:৪৪

বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের সমাজকল্যাণ বিভাগে হামলা করে তছনছ করার ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয় বলে কোতোয়ালি মডেল থানার ওসি নূরুল ইসলাম জানান।

সমাজকল্যাণ বিভাগে হামলা করে তছনছ করার ঘটনার ২১ দিন পর পুলিশ এই প্রথম হামলাকারী সন্দেহে কাউকে গ্রেফতার করলো। তিনি জানান, গ্রেফতারকৃত সকলেই বিএম কলেজের আশপাশ এলাকার বাসিন্দা। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে থানা সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর বেলা ১টার দিকে ২৫-৩০ জন মুখোশধারী যুবক বিএম কলেজের সমাজকল্যাণ বিভাগের হামলা চালিয়ে বিভাগীয় চেয়ারম্যানের কক্ষসহ অন্যান্য কক্ষগুলো তছনছ করে। হামলাকারীরা পিটিয়ে আহত করেছে সমাজকল্যাণ বিভাগের বিভাগীয় কম্পিউটার অপারেটর মিজানুর রহমান বাচ্চুকে। এ ঘটনায় বাচ্চু অজ্ঞাতনামাদের আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।


ইত্তেফাক/আরকেজি